লেবানন ও জর্ডানকে ঋণ দেওয়ার পরিকল্পনা বিশ্ব ব্যাংকের
গৃহযুদ্ধকবলিত সিরিয়ার প্রতিবেশি দেশগুলোকে শরণার্থী সমস্যা মোকাবিলার জন্য সহায়তা দেয়ার পরিকল্পনা নিচ্ছে বিশ্ব ব্যাংক।
বিবিসি বলছে, দেশটিতে গৃহযুদ্ধের কারণে প্রতিবেশি যে দেশগুলোতে সবচে বেশি মানুষ পালিয়ে আশ্রয় নিয়েছেন সেই দেশগুলোকেই এই সহায়তা দেবে বিশ্ব ব্যাংক।
বিষয়টি নিয়ে ধনী রাষ্ট্রসমূহ এবং উপসাগরীয় ধনী দেশগুলোর সঙ্গে আলোচনা করছে বিশ্ব ব্যাংক।
বিশ্ব ব্যাংক জানিয়েছে, লেবানন ও জর্ডানসহ উপসাগরীয় অন্যান্য দেশগুলোকে ঋণ সুবিধা দিয়ে শরণার্থীদের সাহায্য করাই এই পরিকল্পনার লক্ষ্য। আর এই ঋণের সুদ ন্যুনতম করার ব্যাপারে তারা আলোচনা চালিয়ে যাচ্ছেন।
সিরিয়ায় কয়েক বছরের গৃহযুদ্ধে প্রতিবেশি লেবানন, তুরস্ক এবং জর্ডানেই সবচে বেশি সংখ্যক মানুষ পালিয়ে গিয়ে আশ্রয় নিয়েছেন।
বর্তমানে লেবাননের জনসংখ্যার ৩০ শতাংশ এবং জর্ডানের জনসংখ্যার ২০ শতাংশ সিরীয় শরণার্থী।
এই বিপুল সংখ্যক মানুষের চাপ সামাল দিতে দেশগুলোর অর্থনীতিকে বড় ধরনের চাপ মোকাবিলা করতে হচ্ছে। এই চাপ থেকে উত্তরণের জন্যই বিশ্ব ব্যাংখ আর্থিক সহায়তা দিতে চায়।
প্রস্তাবিত পরিকল্পনা অনুসারে লেবানন ও জর্ডানকে কম সুদে ঋণ দেওয়ার বিষয়টি বিবেচনা করছে বিশ্ব ব্যাংক।
অবশ্য এই পরিকল্পনার সমস্যার দিক হচ্ছে, দেশ দুটি মধ্যম আয়ের। আর বিশ্ব ব্যাংকের নিয়ম অনুসারে অনুন্নত দেশ ছাড়া ন্যুনতম সুদে ঋণ দেয়া যায় না।
আর এসব দিক বিবেচনায় লেবানন ও জর্ডানও বিশ্ব ব্যাংকের পরিকল্পনায় তেমন আগ্রহ দেখাচ্ছে না।
তবে বিশ্ব ব্যাংক পরিকল্পিত প্রস্তাবে বলা হয়েছে, এই সমস্যা সমাধান সম্ভব যদি জি-৭ ভুক্ত দেশগুলো অথবা উপসাগরীয় ধনী দেশগুলো সুদের বড় অংশ পরিশোধ করার দায়িত্ব গ্রহণ করে। আর তাতে করে বিশ্ব ব্যাংকের ঋণ নিয়ে সিরিয়ার প্রতিবেশি রাষ্ট্রগুলো শরণার্থীদের সহায়তা দিতে পারবে।
