নতুন দুই জল্লাদ নিয়োগ দিল শ্রীলঙ্কা
দুইজন নতুন জল্লাদ নিয়োগ দিয়েছে শ্রীলঙ্কা। আগের দুই জল্লাদ ফাঁসিকাঠ দেখার পরই এই কাজ ছেড়ে চলে যান। নতুন দুই জল্লাদ তাদের স্থলাভিষিক্ত হবেন।
বিবিসি বলছে, ১৯৭৬ সাল থেকে দেশটিতে কোনো মৃত্যুদণ্ড কার্যকর করা হয়নি।
সরকারের পক্ষ থেকে জল্লাদের এই কাজকে ‘হালকা প্রশাসনিক কাজ মাত্র’ বলে বর্ণনা করা হয়েছে।।
কারা কমিশনার জেনারেল রোহানা পুস্পকুমারা বলেন, “সরকার মৃত্যুদণ্ড কার্যকর করতে চায়। আর তাই আমাদের প্রস্তুত থাকা উচিৎ।”
তিনি জানিয়েছেন ‘জল্লাদ’ নিয়োগের বিজ্ঞপ্তিতে সাড়া দিয়ে মাত্র ২৪ জন আবেদন করে আর তারমধ্যে মাত্র ১৪ জন সাক্ষাৎকার দেন।
সাক্ষাৎকারে একজন আবেদনকারী বলেন, “আমি মাদক চোরাচালানী, খুনি এবং শিশু ধর্ষণকারীদের ওপর ক্ষিপ্ত। সুতরাং আমাকে যদি তাদের ফাঁসি দিতে বলা হয় আমি এক মুহূর্তও দেরি করবো না।”
তিনি আরো বলেন, “যদি তারা (কর্তৃপক্ষ) মৃত্যুদণ্ড কার্যকরের ব্যবস্থা গ্রহণ না করেন তবে আমি বিদায় নেবো।”
এই আবেদনকারী একজন সাবেক সৈনিক।
অপর একজন আবেদনকারী জানিয়েছেন, ‘হালকা কাজ’ হওয়ায় তিনি আবেদন করেছেন। তিনি বলেন, “যদি আমাকে বলা হয় কাউকে ফাঁসি দিতে, আমি প্রস্তুত।”
২০১৪ সালে দেশটিতে জল্লাদের পোস্টটি সম্পূর্ণ খালি ছিল। ২০১৩ সালে দুই জল্লাদ রাজধানী কলম্বোয় ফাঁসিকাঠ দেখার পর কাজ ছেড়ে চলে যাওয়ার পর পদটি সম্পূর্ণ খালি হয়।
অবশ্য দেশটিতে বর্তমানে ১১১৬ জন মৃত্যুদণ্ডে দণ্ডিত বন্দি রয়েছেন। গেল ৪০ বছর ধরে মৃত্যুদণ্ডে দণ্ডিতরা কারাগারেই বন্দি জীবন কাটিয়ে আসছেন।
২০০৯ সালে দেশটিতে গৃহযুদ্ধ অবসানের পর শিশু যৌন নির্যাতন, ধর্ষণ, খুন ও মাদক চোরাচালান বেড়ে যাওয়ার পরিপ্রেক্ষিতে সাধারণ মানুষ মৃত্যুদণ্ড চালুর আহ্বান জানান।
গেল সপ্তায় সরকার পরিষ্কার ভাবে জানিয়েছিল, তারা মৃত্যুদণ্ডের বিপক্ষে। অবশ্য প্রেসিডেন্ট সিরিসেনা বলেছেন, তিনি এটি সমর্থন করবেন যদি পার্লামেন্ট অনুমোদন করে। কারণ জনগণ এর পক্ষে।
