২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘বিন লাদেনের অবস্থান জানতো পাকিস্তানের নেতৃত্ব’

আন্তর্জাতিক জঙ্গি সংগঠন আল কায়েদার প্রতিষ্ঠাতা ওসামা বিন লাদেনের পাকিস্তানে আত্মগোপনের তথ্য দেশটির শীর্ষ রাজনৈতিক নেতা ও সেনা কর্মকর্তারা জানতেন।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Oct 2015, 01:46 PM

Updated : 12 Oct 2022, 04:17 PM

মঙ্গলবার পাকিস্তানের একজন সাবেক প্রতিরক্ষামন্ত্রী ভারতীয় এক টেলিভিশন চ্যানেলে এই বিষয়টি নিশ্চিত করেন বলে দ্য ওয়াশিংটন পোস্টের এক খবরে বলা হয়েছে।

২০১১ সালে যুক্তরাষ্ট্রের নেভি সিল কমান্ডোদের এক অভিযানে পাকিস্তানের সামরিক শহর অ্যাবোটাবাদে লুকিয়ে থাকা বিন লাদেন নিহত হন।

এটি খুব জোড়ালোভাবে বিশ্বাস করা হয়, পাকিস্তানি সেনা বাহিনী ও দেশটির রাজনৈতিক নেতৃত্ব বিন লাদেনের অবস্থান সম্পর্কে সচেতন ছিলেন। এমন কী আফগানিস্তানে যুক্তরাষ্ট্রের সন্ত্রাসবিরোধী অভিযানের সময় বিন লাদেনকে পাকিস্তানে নিরাপদে থাকার ব্যাপারে তারা সহায়তাও করেছেন।

চলতি বছরের শুরুর দিকে পাকিস্তানের সাবেক গোয়েন্দা প্রধান লেফট্যানান্ট জেনারেল আসাদ দুররানি বলেছিলেন, দেশের প্রধান সেনা গোয়েন্দা সংস্থা আইএসআই ‘সম্ভবত’ বিন লাদেনের অবস্থান সম্পর্কে সচেতন ছিল। ওয়াশিংটনের সঙ্গে ভবিষ্যতে দরকষাকষির জন্য সংস্থাটি বিন লাদেনকে তাদের হাতে রেখেছিল।

Image
পাকিস্তানের অ্যাবোটাবাদে এই বাড়িতেই আত্মগোপন করেছিলেন বিন লাদেন। ফাইল ছবি: রয়টার্স

পাকিস্তানের অ্যাবোটাবাদে এই বাড়িতেই আত্মগোপন করেছিলেন বিন লাদেন। ফাইল ছবি: রয়টার্স

২০০৮ থেকে ২০১২ সাল পর্যন্ত পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী হিসাবে দায়িত্ব পালনকারী চৌধুরী আহমেদ মুখতার ভারতীয় টেলিভিশন সিএনএন-আইবিএনকে বলেন, তারা জানতেন বিন লাদেন পাকিস্তানে রয়েছেন।

সিএনএন-আইবিএন-এর একজন সাংবাদিক সুনির্দিষ্টভাবে মুখতারের কাছে জানতে চান, তৎকালীন প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী পাকিস্তানে বিন লাদেনের অবস্থান সম্পর্কে জানতেন কিনা।

জবাবে তিনি বলেন, বিষয়টির সঙ্গে সম্পর্কিত সবাই এটি জানতেন। যেমন, পাকিস্তানের প্রেসিডেন্ট, সশস্ত্র বাহিনী প্রধান, জয়েন্ট চিফ অব স্টাফ এবং সংস্থার (আইএসআই) লোকজন।

চ্যানেলটির সাংবাদিক তখন তৎকালীন প্রেসিডেন্ট আসিফ আলি জারদারি ও সেনা প্রধান জেনারেল আশফাক কায়ানির নাম উল্লেখ করলে মুখতার ‘হ্যাঁ সূচক’ জবাব দেন।

তবে বুধবার এ বিষয়ে পাকিস্তানের গণমাধ্যম মুখতারের কাছে জানতে চাইলে তাকে ‘ভুলভাবে উদ্ধৃত’ করা হয়েছে বলে তিনি দাবি করেছেন।