আবারো ইসরায়েলি পুলিশের গুলিতে ফিলিস্তিনি নিহত
জেরুজালেমের ওল্ড সিটির প্রবেশ পথে ইসরায়েলের একজন পুলিশকে এক আরব ফিলিস্তিনি ছুরিকাঘাত করার পর অন্যান্য পুলিশ সদস্যরা তাকে গুলি চালিয়ে হত্যা করেছে।
সুরক্ষা পোশাকের কারণে হামলার শিকার ওই পুলিশের কোনো ক্ষতি হয়নি।
ইসরায়েল পুলিশের পক্ষ থেকে বলা হয়, হামলাকারী একজন আরব। তবে সে ফিলিস্তিনি না কি ইসরায়েলে বসবাস করা আরব সেই বিষয়ে কিছু জানানো হয়নি।
ওল্ড সিটির লায়ন্স গেটে সোমবার এ ঘটনা ঘটে।
৩ অক্টোবর জেরুজালেমের ওল্ড সিটিতে একজন ফিলিস্তিনির ছুরিকাঘাতে দুইজন ইসরায়েলি নিহত হয়। তারপর থেকে ইহুদিদের ওপর এক ডজনের বেশি ছুরিকাঘাতের ঘটনা ঘটেছে।
প্রতিশোধ নিতে ইহুদিরাও ছুরিকাঘাত করেছে। শুক্রবার ইসরায়েলের দক্ষিণের শহর ডিমনায় ১৭ বছর বয়সী এক ইহুদি কিশোরের ছুরিকাঘাতে দুইজন ফিলিস্তিনি ও দুই জন আরব আহত হয়।
পূর্ব জেরুজালেম ও অধিকৃত পশ্চিম তীরে দাঙ্গা হাঙ্গামা চলছে। যা গাজায়ও ছড়িয়ে পড়েছে।
শুক্রবার ও শনিবার সীমান্তে ইসরায়েলিদের গুলিতে নয় জন ফিলিস্তিনির মৃত্যু হয়।
শনিবার গাজার উত্তরাঞ্চলে একটি বাড়িতে ইসরায়েলের বিমান হামলায় একজন নারী ও তার দুই বছর বয়সী শিশু কন্যার মৃত্যু হয়।
ইসলায়েলের পক্ষ থেকে বলা হয়েছিল, তারা হামাসের একটি অস্ত্র তৈরির কারখানা লক্ষ্য করে ওই বিমান হামলা চালায়।
