তুরস্কে হামলায় আইএস’কে দায়ী করলেন প্রধানমন্ত্রী
তুরস্কের প্রধানমন্ত্রী আহমেত দাভুতোগলু বলেছেন, আঙ্কারায় জোড়া বোমা হামলার ঘটনার প্রধান সন্দেহভাজন ইসলামিক স্টেট(আইএস)।
গত শনিবারের এ হামলায় ১শ’র বেশি মানুষ নিহত হয়েছে। হামলার দায় এখন পর্যন্ত কেউ স্বীকার করেনি। আইএস’কে কেন্দ্র করেই ঘটনার তদন্ত চলছে।
তুরস্কের একটি টেলিভিশন চ্যানেলকে দেয়া সাক্ষাৎকারে দাভুতগলু বলেন, "এটি নিশ্চিতভাবেই আত্মঘাতী বোমা হামলা ছিল। ডিএনএ পরীক্ষা করা হচ্ছে। আত্মঘাতী বোমা হামলাকারীরা সেখানে কিভাবে প্রবেশ করেছিল তা বোঝা গেছে। আমরা একটি দলের নাম প্রায় পেয়েই গেছি, যা একটি বিশেষ দলের দিকেই আঙুল তুলছে।"
এর আগে রোববার নিরাপত্তা বাহিনীর দু’টি সূত্র রয়টার্সকে বলেছিল, প্রাথমিক লক্ষণ দেখে মনে হচ্ছে এ হামলার পেছনে ইসলামিক স্টেটের হাত আছে।
শনিবার আঙ্কারার কেন্দ্রীয় রেলস্টেশনের সামনে আয়োজিত এক শান্তি সমাবেশে ভয়াবহ বোমা হামলায় অন্তত ৯৭ জন নিহত হয়।
কুর্দি বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী পিকেকে-র সঙ্গে সরকারের চলমান সহিংসতার অবসান চেয়ে কুর্দিপন্থি সংগঠন ও বেসামরিক নাগরিকদের কয়েকটি সংগঠন এ শান্তি সমাবেশের ডাক দিয়েছিল।
সমাবেশে কুর্দিপন্থি পিপলস ডেমক্র্যাটিক পার্টিও (এইচডিপি) অংশ নেয়। ১ নভেম্বর তুরস্কে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
আসন্ন জাতীয় নির্বাচনের ফলকে প্রভাবিত করতেই শনিবারের হামলা চালানো হয়েছে বলেও মনে করেন দাভুতোগলু।
যদিও জুনের সাধারণ নির্বাচনে ক্ষমতাসীন জাস্টিস এন্ড ডেভেলপমেন্ট পার্টি (একেপি) নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা হারায়, বিপরীতে এইচডিপি অপ্রত্যাশিত ভালো ফল করে।
এইচডিপি'র দাবি, শনিবারের হামলার লক্ষ্যবস্তু তারাই ছিল। হামলায় ১২৮ জন নিহত হয়েছে এবং তাদের মধ্যে ১২০ জনের পরিচয় সনাক্ত হওয়ারও দাবি করেছে দলটি।
যদিও প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে ৯৭ জন নিহত হওয়ার খবর জানানো হয়েছে। এ হামলার জন্য এইচডিপি তুরস্ক সরকারকে দায়ী করেছে।
এ বিষয়ে দাভুতোগলু বলেন, "নিরাপত্তা ঘাটতির কারণে এ বোমা হামলা হওয়ার বিষয়টি যদি তদন্তে প্রমাণ হয়, তবে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।"
