ইরাকি বিমান হামলায় আইএসের ৮ নেতা নিহত
ইরাকের পশ্চিমাঞ্চলীয় কারাবালা টাউনে বিমান হামলায় ইসলামিক স্টেটের (আইএস) স্থানীয় আট নেতা নিহত হয়েছেন।
রোববার আইএসের একটি বৈঠক চলার সময় হামলাটি চালানো হয়।
টাউনটির বাসিন্দা ও হাসপাতাল সূত্রগুলোর কথায় ধারণা পাওয়া গেছে, বৈঠকে জঙ্গিগোষ্ঠীটির শীর্ষ নেতা আবু বকর আল-বাগদাদি উপস্থিত ছিলেন না।
ওই দিন ইরাক জানিয়েছিল, তাদের বিমানবাহিনী আইএসের বৈঠকে হামলা চালানোর পাশাপাশি বাগদাদিকে বহনকারী একটি গাড়িবহরেও হামলা চালিয়েছে। গাড়িবহরটি বৈঠকস্থলের দিকেই যাচ্ছিল।
হামলার পর বাগদাদিকে গাড়িবহর থেকে সরিয়ে নেওয়া হয় এবং তখন তার শারীরিক অবস্থা কী ছিল তা জানা যায়নি বলে দাবি করেছে ইরাকি সামরিক বাহিনী।
ইরাকি সামরিক বাহিনীর এই বিবৃতি বাগদাদির নিহত বা আহত হওয়ার বিষয়ে সর্বশেষ অনিশ্চিত প্রতিবেদন। এর আগেও বেশ কয়েকবার বাগদাদি নিহত হয়েছেন বলে বিভিন্ন মহল থেকে দাবি করা হয়েছিল।
আইএসের বিবৃতি প্রকাশে ব্যবহৃত ট্যুইটারের একটি সাইটে বাগদাদিকে লক্ষ্য করে বিমান হামলা চালানোর ‘গুজবকে’ মিথ্যা বলে দাবি করা হয়েছে।
বাগদাদ থেকে নাম প্রকাশে অনিচ্ছুক এক মার্কিন সামরিক কর্মকর্তা জানিয়েছেন, অভিযান চলাকালে বাগদাদি নিহত বা আহত হয়েছেন, এমন কোনো ইঙ্গিত দেখতে পায়নি যুক্তরাষ্ট্র।
ইরাকি বাহিনীর হামলাস্থল কারাবালা ইরাকের আনবার প্রদেশের সিরীয় সীমান্তের কাছের একটি ছোট শহর, এটি আইএসের একটি শক্তিকেন্দ্র। তবে ইরাকের দক্ষিণাঞ্চলে অবস্থিত শিয়া মুসলিমদের পবিত্র নগরী কারবালা এটি নয় বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
বিবৃতিতে ইরাকি সামরিক বাহিনী বলেছে, “বৈঠকস্থলেও বোমাবর্ষণ করা হয় এবং এতে গোষ্ঠীটির অনেক নেতা হতাহত হন। খুনি আল-বাগদাদির ভাগ্যে কী ঘটেছে তা জানা যায়নি, তবে একটি গাড়িতে করে তাকে সরিয়ে নেওয়া হয়েছে। তার শারীরিক পরিস্থিতি সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি।”
কারাবালার হাসপাতাল সূত্রগুলো ও স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, বিমান থেকে নিক্ষিপ্ত বোমা দুটি বাড়িতে বিস্ফোরিত হয়, এতে টাউনের আইএস পুলিশ বাহিনীর আট স্থানীয় নেতা নিহত হন।
ট্যুইটারে আইএস সমর্থকরা জানিয়েছে, যদি বাগদাদি নিহতও হন, তার ঘোষিত খিলাফত (ইরাক ও সিরিয়ার দখলকৃত অংশে) বেঁচে থাকবে।
