২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রুশ হামলার সহায়তায় ‘এগোচ্ছে’ সিরীয় বাহিনী

রুশ বিমান হামলার পর লেবাননের হিজবুল্লাহর সহায়তা নিয়ে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদের অনুগত বাহিনী যুদ্ধে উল্লেখযোগ্য অগ্রগতি পেয়েছে বলে বলা হচ্ছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Oct 2015, 01:55 AM

Updated : 22 Aug 2022, 01:29 PM

ইদলিব, হামা ও লাটাকিয়া প্রদেশে সরকারি বাহিনীর অগ্রগতি হয়েছে বলে বিভিন্ন খবরে বলা হয়েছে।

রোববার রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, গত ২৪ ঘণ্টায় তারা সিরিয়ায় ৬৩টি লক্ষ্যবস্তুতে ৬৪ দফা বিমান হামলা চালিয়েছে, যাতে জঙ্গিদের ৫৩টি আস্তানা ধ্বংস হয়েছে।

প্রধানত ইসলামিক স্টেটকে (আইএস) লক্ষ্য করে এসব হামলা চালানো হয় বলে মস্কো দাবি করেছে।

তবে তাদের বিমান হামলায় সরকারবিরোধী বিদ্রোহীরা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার আভাস মিলছে বলে বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে।

এতে বলা হয়, রাজধানী দামেস্কের সঙ্গে প্রধান শহরগুলোর সংযোগকারী প্রধান মহাসড়কের কাছে বর্তমানে সবচেয়ে বেশি লড়াই চলছে এবং আসাদের বাহিনী ইদলিবে বিদ্রোহীদের আটকে ফেলতে চাইছে।

রাশিয়ার হস্তক্ষেপের আগে ইদলিবের প্রায় পুরোটার নিয়ন্ত্রণ একটি বিদ্রোহী জোটের হাতে চলে এসেছিল বলে বিবিসির আরব বিষয়ক সম্পাদক সেবাস্তিয়ান উশার জানিয়েছেন।

সরকারি বাহিনী মূলত এ বছরের শুরুর দিকে নিয়ন্ত্রণ হারানো হামা শহরের উত্তরের এলাকা এবং লাটাকিয়া প্রদেশের উত্তরাঞ্চলীয় পার্বত্যাঞ্চল পুনর্দখল করতে চাইছে।

নিজেদের মধ্যে ঐক্য গড়ে এবং তুরস্ক, সৌদি আরব ও কাতারসহ বিভিন্ন দেশের সহযোগিতা নিয়ে এসব এলাকা দখল করেছিল বিদ্রোহীরা।

Image
ইদলিবের নিকটবর্তী কাফরানবেলে রুশ বিমান হামলার পর ক্ষয়ক্ষতি দেখেছন স্থানীয়রা।

ইদলিবের নিকটবর্তী কাফরানবেলে রুশ বিমান হামলার পর ক্ষয়ক্ষতি দেখেছন স্থানীয়রা।

ওই এলাকায় লড়াইয়ে থাকা আল-কায়েদা সংশ্লিষ্ট বিদ্রোহী গ্রুপ আল-নুসরা ফ্রন্টের এক জ্যেষ্ঠ কমান্ডার সব বিদ্রোহী গ্রুপকে একত্রিত হয়ে সম্মিলিতভাবে পাল্টা আক্রমণ চালানোর আহ্বান জানিয়েছেন।

তিনি বলেন, সরকারি বাহিনী ও রুশদের বিরুদ্ধে বিদ্রোহীরা এ পদক্ষেপ নিতে না পারলে তাদের ধারাবাহিক পতন হবে এবং তাদের ভবিষ্যত ‘খুব খারাপ’ হবে।

রাশিয়া বলছে, গত ৩০ সেপ্টেম্বর থেকে তারা যে হামলা চালাচ্ছে তা সিরীয় সরকারের সঙ্গে সমন্বয় করে চালানো হচ্ছে। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন রোববার বলেছেন, বর্তমানে যে হামলা হচ্ছে তা ‘আগে করা ছক’র বাস্তবায়ন।

রাশিয়ার পক্ষ থেকে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর সঙ্গে তাদের দ্বিতীয় ভিডিও কনফারেন্সে সিরিয়ার আকাশে উভয় দেশের যুদ্ধবিমানের সংঘর্ষ এড়ানো নিয়ে ‘গঠনমূলক’ আলোচনা হয়েছে।

এদিকে রোববার রাশিয়ার সোচিতে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সৌদি আরবের প্রতিরক্ষামন্ত্রী শেখ মোহাম্মেদ বিন সালমানের বৈঠক হয়েছে।

বৈঠকের পর রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ বলেছেন, উভয় দেশ সিরিয়া বিষয়ে সহযোগিতা করতে ইচ্ছা প্রকাশ করেছে এবং একটি ‘সন্ত্রাসী খিলাফত’ প্রতিষ্ঠা রোধে কাজ করতে একমত হয়েছে।

“আমি এটুকু বলতে পারি, আজকের বৈঠক থেকে আমাদের সহযোগিতা যাতে এগোতে পারে সে বিষয়ে উভয়পক্ষের মধ্যে সমঝোতা হয়েছে।”