সাহিত্যে নোবেল পেলেন সোয়েতলানা আলেক্সিয়েভিচ
সাহিত্যে এ বছর নোবেল পুরস্কার পেয়েছেন বেলারুশের লেখক, অনুসন্ধানী সাংবাদিক সোয়েতলানা আলেক্সিয়েভিচ, যার ‘বহুস্বরের’ গদ্যকে সুইডিশ অ্যাকাডেমি অভিহিত করেছে ‘সমকালীন যাতনা আর সাহসিকতার সৌধ’ হিসেবে।
বৃহস্পতিবার সাহিত্যে নোবেল বিজয়ী ১১২তম লেখক হিসেবে তার নাম ঘোষণা করে সুইডিশ অ্যাকাডেমির প্রধান সারা দানিউস বলেন, “আলেক্সিয়েভিচ তার অনন্যসাধারণ লেখনী শৈলীর মাধ্যমে সতর্কভাবে বাছাই করা কিছু কণ্ঠের যে কোলাজ রচনা করেছেন, তা পুরো একটি যুগ সম্পর্কে আমাদের বোধের জগৎকে নিয়ে গেছে আরও গভীরে।”
৬৭ বছর বয়সী সোয়েতলানা আলেক্সিয়েভিচ হলেন চতুর্দশ নারী, যিনি সাহিত্যে নোবেল পেলেন। গত বছরও এ পুরস্কারের সংক্ষিপ্ত তালিকায় তার নাম ছিল।
সুইডিশ অ্যাকাডেমি যখন ফোন করে আলেক্সিয়েভিচকে নোবেলপ্রাপ্তির খবর দিল, তিনি তখন নিজের বাসায় কাপড় ইস্ত্রিতে ব্যস্ত।
সুইডেনের এসটিভিকে তিনি বলেন, এই সুখবর তার মনে ‘মিশ্র অনুভূতি’ জাগাচ্ছে। তার মনে আসছে আইভান বুনিন আর বরিস পাস্তারনাকের মতো সাহিত্যিকের নাম। এ অনুভূতি একই সঙ্গে ‘চমৎকার’, আবার একটু যেন ‘বিব্রতকর’।
আগামী ১০ ডিসেম্বর স্টকহোমে সোয়েতলানা আলেক্সিয়েভিচের হাতে আনুষ্ঠানিকভাবে তুলে দেওয়া হবে পুরস্কারের ৮০ লাখ ক্রোনার। আর তাতে হয়তো কেনা যাবে ‘আরও একটু স্বাধীনতা’।
“আমার এক একটা বই লিখতে বহু দিন লাগে, পাঁচ থেকে দশ বছর… এখন নতুন দুটো বইয়ের আইডিয়া মাথায় আছে। এখন হয়ত আমি লেখার সুযোগ পাব, আমি খুশি।”
নিজের দেশে আলেক্সিয়েভিচ পরিচিত সরকারের একজন সমালোচক হিসেবে। এ কারণে তাকে হেনস্তার শিকার হতে হয়েছে, আড়ি পাতা হয়েছে তার ফোনে। জনসমাবেশস্থলে উপস্থিতিতেও আরোপ করা হয়েছে কড়াকড়ি।
২০০০ সাল থেকে দশটি বছর তার কেটেছে নির্বাসনে; ইতালি, ফ্রান্স, জার্মানি আর সুইডেনে।
বার্লিনের একটি দোকানে নোবেলজয়ী সোয়েতলানা আলেক্সিয়েভিচর বই।
আলেক্সিয়েভিচের হাত দিয়ে এসেছে ছোটগল্প, প্রবন্ধ আর সংবাদ প্রতিবেদনের সঙ্কলন। তার সবচেয়ে আলোচিত বইগুলোর একটি ‘চেরনোবিলের কণ্ঠ’, যাকে বলা হচ্ছে ভয়ঙ্কর সেই পারমাণবিক বিপর্যয়ের ‘এক মৌখিক ইতিহাস’। একইভাবে ‘জিংকি বয়েজ’ বইটিতে সঙ্কলিত হয়েছে এমন কিছু মানুষের জবানবন্দি, যারা আফগান-সোভিয়েত যুদ্ধের চাক্ষুষ সাক্ষী।
সারা দানিউস বলেন, “সোয়েতলানা আলেক্সিয়েভিচের চল্লিশ বছর কেটেছে সাবেক সোভিয়েত ইউনিয়ন ও তার পরের সময়ের অসংখ্য মানুষের জীবন কাহিনি শুনে। তবে তা কেবল ঘটনার ইতিহাস নয়, তার গদ্য ধারণ করেছে মানুষের আবেগের ইতিহাস।”
আলেক্সিয়েভিচ নিজেই তার লেখায় বেলারুশের আরেক লেখক আলেস আদামোভিচের প্রভাব স্বীকার করেছেন। আদামোভিচের গদ্যরীতিকে বলা হয় ‘প্রামাণ্য সাহিত্য’, যেখানে মানুষ তার নিজের কথা বলে; বহুকণ্ঠের সেই সম্মিলন পরিণত হয় ‘মহাকাব্যিক কোরাসে’।
“তিনি (আলেক্সিয়েভিচ) হাজার হাজার মানুষের সাক্ষাৎকার নিয়েছেন, নারীদের সঙ্গে কথা বলেছেন, পুরুষের সঙ্গে কথা বলেছেন, কথা বলেছেন শিশুদের সঙ্গে। আর এই পথ ধরে তিনি মানুষের এমন এক ইতিহাস আমাদের সামনে তুলে ধরেছেন, যার সঙ্গে আমাদের পরিচয় নেই খুব একটা”, বলেন দানিউস।
১৯৪৮ সালের ৩১ মে ইউক্রেইনের ছোট্ট এক শহরে সোয়েতলানা আলেক্সিয়েভিচের জন্ম। তার মা ছিলেন ইউক্রিইনিয়ান; বাবা বেলারুশের।
সামরিক বাহিনীতে বাধ্যতামূলক দায়িত্ব পালন শেষে সোয়েতলানা আলেক্সিয়েভিচের পরিবার ফিরে যায় বেলারুশে, তার বাবার বাড়িতে। ১৯৭২ সালে তিনি মিন্স্ক বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতার ডিগ্রি নেন।
১৯৮৫ সালে প্রথম বই প্রকাশিত হওয়ার আগে দীর্ঘ সময় বিভিন্ন পত্রিকার হয়ে অনুসন্ধানী সাংবাদিক হিসেবে কাজ করেন আলেক্সিয়েভিচ। ‘ওয়ারস আনউইমেনলি ফেইস’ নামের ওই বইটি কয়েকশ নারীর সাক্ষাৎকারের একটি সঙ্কলন, যারা সবাই দ্বিতীয় বিশ্বযুদ্ধে অংশ নিয়েছেন।
মূলত ওই বইটি আলেক্সিয়েভিচের ভবিষ্যৎ কাজের একটি ছক তৈরি করে দেয়। তার পরের কয়েকটি বইয়ে ভুক্তভোগী মানুষের বর্ণনায় উঠে আসে বিশ্বকে কাঁপিয়ে দেওয়া বড় কয়েকটি ঘটনা এবং তার পরবর্তী জীবনের গল্প।
নিজের ওয়েবসাইটে আলেক্সিয়েভিচ সাংবাদিকতায় তার অভিযাত্রার ব্যাখ্যা দিয়েছেন এভাবে, “আমি এমন একটি ধরন খুঁজেছি, যেখানে মানুষ নিজেই নিজের কথা বলবে।”
আগামী বছর প্রকাশিতব্য একটি বইয়ের ভূমিকায় তিনি লিখেছেন, “আমি মানুষের কাছে সমাজবাদের কথা জানতে চাই না। জানতে চাই তাদের ভালোবাসার কথা, ঈর্ষার কথা, শৈশব-বার্ধ্যক্যের দিনগুলোর কথা। সঙ্গীত, নৃত্য আর চুলবাঁধার কায়দার কথা। বিচ্ছিন্ন এইসব কথামালা বিলুপ্ত এক জীবনপথের বিবরণ দেয়। ভয়াবহ বিপর্যয়ের একটি ঘটনাকে এক কাঠামোতে নিয়ে আসার, একটি গল্প বলার এটাই একমাত্র পথ।”
নোবেল পাওয়ার খবরে শুভেচ্ছার ফুল হাতে বেলারুশের লেখক সোয়েতলানা আলেক্সিয়েভিচ।
“ও বলে, এই লাল মানুষের শেষ হয়নি। এখনো সে আমাদের মধ্যে আছে, সোভিয়েত দেখেছে এমন প্রতিটি মানুষের মধ্যে সে আছে।”
যুক্তরাষ্ট্র, জার্মানি, জাপান, ফ্রান্স, চীনসহ ১৯টি দেশে আলেক্সিয়েভিচের বই প্রকাশিত হয়েছে, অনূদিত হয়েছে। সুইডিশ পেন প্রাইজসহ বিভিন্ন পুরস্কারে ভূষিত হয়েছেন তিনি।
গত বছর সাহিত্যে নোবেল পান ফরাসি ঔপন্যাসিক প্যাত্রিক মোদিয়ানো, যার গল্পেরা গড়ে উঠেছে মানব মনের স্মৃতি-বিস্মৃতির খেলা, আত্মপরিচয়ের সঙ্কট আর প্যারিসে নাৎসি দখলদারিত্বের ইতিহাসকে কেন্দ্র করে।
সুইডিশ বিজ্ঞানী আলফ্রেড নোবেলের শেষ ইচ্ছা অনুসারে গবেষণা, উদ্ভাবন ও মানবতার কল্যাণে অবদানের জন্য প্রতি বছর চিকিৎসা, পদার্থ বিজ্ঞান, রসায়ন, সাহিত্য, শান্তি ও অর্থনীতিতে নোবেল পুরস্কার দেয়া হয়।
শুক্রবার শান্তি এবং সোমবার অর্থনীতিতে এবারের নোবেল বিজয়ীদের নাম ঘোষণা করা হবে।
[প্রতিবেদনটি তৈরি করতে বিবিসি ও গার্ডিয়ানের লেখা এবং সুইডিশ অ্যাকাডেমির বিবৃতির সহায়তা নেওয়া হয়েছে।]
