সিরিয়া যুদ্ধ: রাশিয়াকে নেটোর হুঁশিয়ারি
বিমান হামলার ব্যাপারে রাশিয়াকে হুঁশিয়ার করে দিয়ে সিরিয়ায় আসাদবিরোধী গ্রুপগুলোসহ বেসামরিক নাগরিকদের ওপর এ হামলা বন্ধ করতে বলেছে নেটো সদস্যদেশগুলো।
সিরিয়া সরকারের সমর্থনে রাশিয়া কিছুদিন আগেই সেখানে বিমান অভিযান শুরু করেছে।
মস্কো সিরিয়ায় ইসলামিক স্টেট (আইএস) এর ওপর বিমান হামলা চালাচ্ছে বলে দাবি করে আসলেও যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন জোট বাহিনী এবং তুরস্ক বলছে, সিরিয়ার সরকার-বিরোধীরাই এ হামলার শিকার হচ্ছে বেশি।
এরই মধ্যে রাশিয়ার জঙ্গিবিমান শনিবার তুরস্কের আকাশসীমায় ঢুকে পড়ায় বিষয়টি নিয়ে দু’দেশের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়েছে। রাশিয়া ভুল করে তুরস্কের আকাশসীমায় ঢুকেছে বলে জানিয়েছে।
এ পরিস্থিতিতে তুরস্কসহ ২৮ সদস্যের নেটো জোট এক বিবৃতিতে রাশিয়াকে এ ধরনের দায়িত্বজ্ঞানহীন আচরণের চরম বিপদ সম্পর্কে হুঁশিয়ার করেছে। একইসঙ্গে রাশিয়াকে এ বিমান হামলা বন্ধ করারও আহ্বান জানায় তারা।
তুরস্ক পরিষ্কার করে জানিয়ে দিয়েছে তাদের আকাশ সীমায় একটি পাখি ঢুকলেও সেটিকে আটকানো হবে। তবে রাশিয়ার আকাশ সীমা লঙ্ঘনের ঘটনাটি নিয়ে মস্কোর সঙ্গে টানাপোড়েনের সম্পর্ক দেখা দেয়ার সম্ভাবনা তুরস্ক নাকচ করেছে।
রাশিয়া গত বুধবার থেকে সিরিয়ায় বিমান হামলা শুরু করেছে। তারা সেখানে আইএস এবং অন্যান্য সন্ত্রাসী দলের ওপরও হামলা চালাচ্ছে বলে জানিয়েছে। কয়েকমাস ধরে এ বিমান হামলা চালানোর পরিকল্পনাও আগেই জানিয়েছে রাশিয়া।
সোমবার রাশিয়া জানায়, তারা নিখুঁতভাবে আইএস এর ঘাঁটিগুলোতে হামলা চালিয়ে যাচ্ছে।
