সিরিয়া যুদ্ধ: রাশিয়াকে হামলা বন্ধের আহ্বান
রাশিয়াকে সিরিয়ায় বিমান হামলা বন্ধ করার আহ্বান জানিয়েছে ইসলামিক স্টেটের (আইএস) বিরুদ্ধে লড়াইরত যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন জোট বাহিনীর সদস্যরা।
রাশিয়ার বিমান হামলায় কেবল ইসলামিক স্টেট বহির্ভুত বিদ্রোহীরা এবং বেসামরিক নাগরিকরাই মারা পড়ছে বলে তারা অভিযোগ করেছে। তবে এ অভিযোগ অস্বীকার করেছে রাশিয়া।
শুক্রবার যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, তুরস্ক ও জোটের অন্যান্য সদস্যরা এক যৌথ বিবৃতিতে বলেছে, "রাশিয়ার বিমান হামলা উত্তেজনা সৃষ্টি করছে, যা কেবল চরমপন্থাকেই আরো উস্কে দেবে।"
ইসলামিক স্টেটের (আইএস) বিরুদ্ধে লড়াইয়ে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ বাহিনীকে সহায়তা করতে গত বুধবার থেকে সিরিয়ায় বিমান হামলা শুরু করে রাশিয়ার বিমান বাহিনী।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে বিবিসি’র খবরে বলা হয়, শুক্রবারও সিরিয়ায় নতুন করে আরেক দফা বিমান হামলা চালিয়েছে রাশিয়া।
মস্কোর দাবি, তারা আইএস এর আস্তানাগুলোতে বিমান হামলা চালাচ্ছে। আগামী তিন থেকে চার মাস এ বিমান হামলা চলবে বলে বিবিসি’কে জানিয়েছেন রাশিয়ার পার্লামেন্টের বিদেশ বিষয়ক কমিটির প্রধান আলেক্সাই পুশকভ।
তিনি বলেন, যুক্তরাষ্ট্র শুধুমাত্র আইএস এর ওপর বোমা ফেলার 'ভান' করছে। রাশিয়ার অভিযান এর চেয়ে অনেক বেশি কার্যকর হবে বলে প্রতিশ্রুতি দেন তিনি।
সাবেক সোভিয়েত ইউনিয়নের সীমানার বাইরের কোনো দেশে এই প্রথম সামরিক হস্তক্ষেপ করছে রাশিয়া।
সিরিয়ার সেনাবাহিনী জানিয়েছে, বৃহস্পতিবার সন্ধ্যা থেকে রাশিয়া মোট ১৮ টি বিমান হামলা চালিয়েছে।এর কতকগুলো চালানো হয়েছে হামা এবং ইদলিবে। তাছাড়া, রাক্কার আইএস ঘাঁটিতেও হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়।
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও ফ্রান্সের প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওঁলাদ প্যারিসে বৈঠকে বসার এ সময়ে মার্কিন নেতৃত্বাধীন বাহিনীর সদস্যরা মস্কোকে হামলার ব্যাপারে সতর্ক করল।
ইউক্রেইনে শান্তি প্রচেষ্টা নিয়ে আলোচনার জন্য ওই বৈঠক ডাকা হলেও সিরিয়া ইস্যু আলোচনায় প্রাধান্য পাবে বলেই মনে করা হচ্ছে।
ফ্রান্সের প্রেসিডেন্ট ওঁলাদ বলছেন, সিরিয়ায় হামলা যে দেশই চালাক না কেন, আইএস-ই এর লক্ষ্য হওয়াটা গুরুত্বপূর্ণ। অন্য কোনো গ্রুপ নয়।
কিন্তু রাশিয়ার পাররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ নিউ ইয়র্কে জাতিসংঘে এক বক্তব্যে বলেছেন, রাশিয়া আল কায়েদা সংশ্লিষ্ট গ্রুপ আল নুসরা ফ্রন্ট ও অন্যান্য সন্ত্রাসী দলগুলোর বিরুদ্ধেও লড়বে।
