‘মিনায় নিহত ইরানি হাজির সংখ্যা ৪৬৪’
হজের সময় মিনায় পদদলিত হয়ে নিহত ইরানি হাজির সংখ্যা বেঁড়ে ৪৬৪ জনে দাঁড়িয়েছে বলে জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ।
ইরানের রাষ্ট্রীয় আইআরআইবি টেলিভিশনের ওয়েবসাইটে প্রকাশিত এক বিবৃতিতে হজ সংস্থা বলেছে, “দুর্ঘটনার সাতদিন পরে এবং সৌদি আরবের হাসপাতালগুলো পরিদর্শনের পর আমরা দুঃখের সঙ্গে জানাচ্ছি যে, নিহত ইরানির সংখ্যা ৪৬৪ জনে দাঁড়িয়েছে।”
হজের আনুষ্ঠানিকতার মধ্যে গত ২৪ সেপ্টেম্বর মিনায় ‘শয়তানের স্তম্ভে’পাথর ছুড়তে যাওয়ার পথে পদদলনের ওই ঘটনায় ৭৬৯ জনের মৃত্যু হয়েছে এবং আরও ৯৩৪ জন আহত হয়েছেন বলে সৌদি সরকার জানিয়েছে।
প্রকাশিত তালিকানুযায়ী, পদদলনের ঘটনায় ইরানের সবচেয়ে বেশি হাজি নিহত হয়েছেন।
এর আগে ১১ সেপ্টেম্বর মক্কার কাবা শরীফ ঘিরে থাকা মসজিদুল হারামে নির্মাণ কাজের জন্য রাখা বিশাল ক্রেইন উল্টে পড়ে ১১৭ জন নিহত হন। এর এক সপ্তাহের মাথায় মক্কার কাছে আল আজিজিয়া এলাকায় একটি আবাসিক হোটেলে আগুন লাগার ঘটনা ঘটে, এখানে কয়েকজন সামান্য আহত হলেও কেউ নিহত হননি।
