মোদীর সামনে জাকারবার্গের ‘ভুল’
নরেন্দ্র মোদীর ক্যামেরাপ্রীতির কথা ভারতের অনেকের জানা থাকলেও বোধহয় জানা ছিল না ফেইসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গের।
তাই হয়ত তিনি ক্যামেরা থেকে আড়াল করে ফেলেছিলেন ভারতের প্রধানমন্ত্রীকে। আর তাই ক্যামেরার সামনের আড়াল সরাতে মোদীকেই তৎপর হতে হয়।
যুক্তরাষ্ট্রে সিলিকন ভ্যালিতে মোদীর সাম্প্রতিক সফরের সময় জাকারবার্গের সঙ্গে তার একটি মুহূর্তের ভিডিও ভাইরাল হয়েছে ফেইসবুকে, যাতে জাকারবার্গকে হাত ধরে সরিয়ে দিতে দেখা যায় মোদীকে।
টাউন হলের গত সপ্তাহের ওই অনুষ্ঠানের ভিডিও ক্লিপ নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে ওয়াশিংটন পোস্ট।
এতে দেখা যায়, কিছু একটা উপহার দেওয়া হচ্ছিল মোদীকে। জাকারবার্গের সামনে এক নারীও ছিলেন। জাকারবার্গ যখন ক্যামেরা আগলে মোদীর সামনে দাঁড়ান, তখন মোদী হাত ধরে তাকে সরিয়ে নিজের একপাশে নিয়ে আসেন।
মোদীর ক্যামেরাপ্রীতির বিষয়টি ভারতীয়দের জানা, তার সেলফি তোলা নিয়ে সমালোচনাও রয়েছে।
