২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সৌদি আরবের ক্ষমা চাওয়া উচিত: খামেনি

হজের সময় মিনার পদদলনের ঘটনায় হতাহতের জন্য সৌদি আরবের ক্ষমা চাওয়া উচিত বলে মন্তব্য করেছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়তুল্লাহ আলি খামেনি।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 27 Sep 2015, 04:09 PM

Updated : 25 Apr 2022, 01:55 PM

রোববার খামেনির ওয়েবসাইটে তার এ মন্তব্য প্রকাশ করা হয়েছে।

গত বৃহস্পতিবার হজের আনুষ্ঠানিকতার মধ্যে মিনায় ‘শয়তানের স্তম্ভে’ পাথর ছুড়তে যাওয়ার পথে পদদলনের এই ঘটনায় এ পর্যন্ত ৭৬৯ জন নিহত ও ৯৩৪ জন আহত হওয়ার তথ্য জানিয়েছে সৌদি সরকার।

এ ঘটনায় ১৪৪ জন ইরানি নিহত ও আরো ৩০০ জন নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছে ইরান। নিখোঁজদের মধ্যে লেবাননে দায়িত্বপালনকারী ইরানের সাবেক রাষ্ট্রদূত গজনফর রকনাবাদিও রয়েছেন বলে দেশটির বার্তা সংস্থা ফারস জানিয়েছে।  

ওয়েবসাইটটিতে প্রকাশিত উদ্ধৃতিতে খামেনি বলেছেন, “এই ঘটনাটি ভুলে যাওয়া যাবে না এবং গুরুত্ব দিয়ে এ ব্যাপারে লেগে থাকা উচিত। সৌদিদের এ বিষয়ে দায়দায়িত্ব স্বীকার করে মুসলিমদের ও হতাহতদের পরিবারের কাছে ক্ষমা চাওয়া উচিত।

“মুসলিম বিশ্বের অনেক প্রশ্ন আছে। এক হাজারেরও বেশি মানুষের মৃত্যু কোনো ছোট ঘটনা না। ঘটনাটির বিষয়ে মুসলিম দেশগুলোর নজর দেওয়া উচিত।”

অন্যান্য ইরানি কর্মকর্তারাও মিনার ঘটনায় নিহতের সংখ্যা এক হাজারেরও বেশি বলে দাবি করেছেন।

শনিবার জাতিসংঘের সাধারণ অধিবেশনে দেওয়া এক ভাষণে ইরানি প্রেসিডেন্ট হাসান রুহানি জাতিসংঘের তত্ত্বাবধানে এ ঘটনার তদন্ত দাবি করেছেন।