ইয়েমেনে ঈদের নামাজে আত্মঘাতী বোমা হামলা
ইয়েমেনের রাজধানী সানায় একটি মসজিদে ঈদের নামাজে আত্মঘাতী বোমা হামলায় নিহতের সংখ্যা বেড়ে ১৫ জনে দাঁড়িয়েছে।
নিরাপত্তা সূত্রের বরাতে বিবিসি এই তথ্য জানিয়েছে।
মুসলিম ধর্মাবলম্বীদের উৎসব ঈদ-উল-আজহার নামাজের সময় আল-বালিলি মসজিদে দুটি বিস্ফোরণের ঘটনা ঘটে।
সানার পুলিশ একাডেমির কাছেই বালিলি মসজিদটির অবস্থান।
জানা গেছে, বালিলি মসজিদের ভেতরে একজন আত্মঘাতী বোমা হামলা চালায়। হামলার পর আতঙ্কিত মানুষেরা যখন দ্রুত মসজিদের ভেতর থেকে বেরিয়ে আসা শুরু করে তখন প্রবেশপথে পেতে রাখা দ্বিতীয় বোমাটির বিস্ফোরণ ঘটানো হয়।
প্রকাশিত কোনো কোনো প্রতিবেদনে দাবি করা হয়েছে নিহতের সংখ্যা আরো বাড়বে। এই দুটি বোমা হামলার ঘটনায় অনেক মানুষ আহত হয়েছেন।
দেশটির প্রেসিডেন্ট আব্দরাব্বু মনসুর হাদি সৌদি আরব থেকে স্বেচ্ছানির্বাসন কাটিয়ে দক্ষিণাঞ্চলী শহর এডেন ফিরে আসার দুইদিনের মাথায় এই ঘটনা ঘটল।
এখনো পর্যন্ত কোনো গোষ্ঠী এই হামলার দায়িত্ব স্বীকার করেনি।
আল-বালিলি মসজিদে আত্মঘাতী বোমা হামলার পর একটি রক্তমাখা টুপি পড়ে রয়েছে। ছবি: রয়টার্স
তখন থেকে হুতি বিদ্রোহীদের লক্ষ করে সৌদি নেতৃত্বাধীন বাহিনী বিমান হামলা চালিয়ে আসছে। জাতিসংঘের হিসাব অনুযায়ী এসব হামলায় প্রায় ৪ হাজার ৯শ মানুষ নিহত হন। নিহতদের মধ্যে ২ হাজার ২শ জনেরও বেশি সাধারণ মানুষ।
হাদির অনুগত বাহিনীর সঙ্গে মিলে এই জোট এডেনসহ কিছু এলাকা থেকে হুতি বিদ্রোহীদের সরিয়ে দিতে সক্ষম হয়েছে।
তবে এরপরও শিয়া হুতি বিদ্রোহীরা এখনো রাজধানী সানা নিয়ন্ত্রণ করছে।
সাম্প্রতিক সময়ে সানায় বড় ধরনের বেশকিছু বোমা হামলার ঘটনা ঘটেছে। এগুলোর মধ্যে অনেক হামলায় দায় স্বীকার করেছে সুন্নিভিত্তিক জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস)।
