‘চীনে ছুরি হামলায় ৫ পুলিশ নিহত’
চীনের পশ্চিমাঞ্চলীয় জিনজিয়াং অঞ্চলের একটি কয়লাখনিতে বিচ্ছিন্নতাবাদীদের ছুরি হামলায় অন্ততপক্ষে পাঁচ পুলিশ নিহত হয়েছেন।
বুধবার যুক্তরাষ্ট্রভিত্তিক ‘রেডিও ফ্রি এশিয়া’র এক প্রতিবেদনে খবরটি জানানো হয়েছে।
স্থানীয় পুলিশের বরাতে বলা হয়েছে, গেল শুক্রবার আকসু এলাকার সোগান কয়লা খনিতে এ ঘটনা ঘটেছে। এ হামলার ঘটনায় ডজনেরও বেশি মানুষ আহত হয়েছেন বলে জানানো হয়েছে।
সরকারি এক বিবৃতির উল্লেখ করে প্রকাশিত খবরে বলা হয়েছে, “আমাদের দেশের একটি কয়লা খনির মালিকদের ও পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে বিচ্ছিন্নতাবাদীদের চালানো বড় ধরনের এ হামলার পেছনে দীর্ঘদিনের প্রস্তুতি ও পরিকল্পনা ছিল।”
খবরটি যাচাইয়ের জন্য জিনজিয়াংয়ের স্থানীয় সরকার ও চীনের জননিরাপত্তা বিভাগগুলোতে যোগাযোগ করা হলেও কোনো উত্তর মেলেনি।
প্রায়ই দেশটিতে এ ধরনের হামলার খবর বিদেশি গণমাধ্যমগুলোর প্রতিবেদনে প্রকাশিত হয়। কিন্তু যদি কোনো খবর সত্য হয় তবে কয়েকদিন সময় অতিবাহিত হওয়ার আগে চীন সরকার তা নিশ্চিত করে না।
জুনে রেডিও ফ্রি এশিয়া জানিয়েছিল, প্রাচীন রেশম পথের শহর কাশগড়ের একটি ট্র্যাফিক পয়েন্টে পুলিশের উপর উইঘুর নৃগোষ্ঠীর সদস্যদের ছুরি ও বোমা হামলায় অন্ততপক্ষে ১৮ জন নিহত হয়েছেন।
যদিও কূটনীতিকরা বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছিলেন যে, তারা মনে করেন বড় ধরনের একটি হামলার ঘটনা ঘটেছে। তবে চীনা সরকার কখনোই খবরটি নিশ্চিত করেনি।
সাম্প্রতিক বছরগুলোতে জিনজিয়াংয়ে চীনের সংখ্যাগরিষ্ঠ হানদের সঙ্গে সংখ্যালঘু উইঘুরদের উত্তেজনার জেরে বেশ কয়েকটি রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। ওই এলাকাজুড়ে বিভিন্ন সহিংসতার ঘটনায় কয়েকশ মানুষ নিহত হয়েছেন।
এসব সহিংসতার জন্য উইঘুর সম্প্রদায়ের ইসলামি জঙ্গিদের দায়ী করেছে বেইজিং।
