সম্ভাব্য করবিন সরকারকে ‘বিদ্রোহের হুমকি’ ব্রিটিশ জেনারেলের
যুক্তরাজ্যের ভবিষ্যৎ লেবার সরকারের নীতির বিরোধিতা করার হুমকি দিয়েছেন সেনাবাহিনীর কর্মরত একজন জেনারেল।
নাম প্রকাশ না করার শর্তে ‘সানডে টাইমস’কে ওই সেনা কর্মকর্তা বলেছেন, জেরেমি করবিন নেতৃত্বাধীন লেবার পার্টি যুক্তরাজ্যের ক্ষমতায় এসে যদি সেনাবাহিনীর মর্যাদাহানির কোনো উদ্যোগ নেয় তবে তাদের ‘সেনা বিদ্রোহের’মুখে পড়তে হবে।
যুক্তরাজ্যের পরবর্তী নির্বাচনের জন্য লেবার পার্টির নেতা নির্বাচিত হয়েছেন করবিন। সম্প্রতি তিনি দেশটির ত্রিমুখী নিরাপত্তা ব্যবস্থা এবং ইসলামিক স্টেটের (আইএস) বিরুদ্ধে সিরিয়ায় বোমা বর্ষণের বিরুদ্ধে কথা বলেন।
তিনি ব্রিটিশ সেনাদের নেটো বাহিনী থেকে প্রত্যাহার করে নেয়ার পরামর্শও দেন। সেই সঙ্গে সেনাবাহিনীর আকার হ্রাস করার প্রস্তাবও দেন করবিন।
‘সানডে টাইমস’ এর বরাত দিয়ে দৈনিক ইনডিপেনডেন্টের এক খবরে বলা হয়, “বিদ্রোহ করতে সেনাবাহিনী এক মুহূর্তও দেরি করবে না। সেনাবাহিনীর সদস্যরা কোনো প্রধানমন্ত্রীকে দেশের নিরাপত্তা বিপন্ন করতে দেবে না। আমার মনে হয়, জনগণ এটা প্রতিরোধে যা করা সম্ভব, যা ন্যায় বা যা অন্যায় সেটা বুঝেই সিদ্ধান্ত নেবে। দেশের নিরাপত্তা আপনি কোনো ‘খামখেয়ালী’ব্যক্তির হাতে তুলে দিতে পারেন না।”
“এমনটা হলে সেনাবাহিনীর সব পর্যায় থেকে গণ পদত্যাগ হবে এবং আপনাকে খুবই অবশ্যম্ভাবী ভাবে সেনা বিদ্রোহের মুখোমুখি হতে হবে।”
আইরিশ রিপাবলিকান আর্মির(আইআরএ) কার্যক্রম নিয়ে স্পষ্ট ভাষায় নিন্দা না জানানোর কারণেও সেনাসদস্যদের ক্ষোভের মুখে পড়তে হয়েছে করবিনকে।
সম্প্রতি টেলিফোনে বিবিসি রেডিওকে দেয়া সাক্ষাৎকারে করবিনকে প্রশ্ন করা হয় তিনি আইআরএ’র কর্মকাণ্ডের নিন্দা করেন কিনা।
জবাবে তিনি বলেন, “আমি সমস্ত বোমাবাজির নিন্দা জানাই। এটা কখনই ভলো উপায় নয়। ওই সময় যা হয়েছিল সেটা ভয়ঙ্কর।”
বিবিসি রেডিও’ আবারো তাকে একই প্রশ্ন করে। এভাবে মোট পাঁচবার করবিনকে একই প্রশ্ন করা হয়।
নাম প্রকাশ না করা ওই জেনারেল বলেন, করবিনের এ সাক্ষাৎকার শোনার পর তিনি নিজেসহ অনেক সেনা এবং তাদের পরিবার দুঃখ পেয়েছেন।
আইআরএ’র সঙ্গে ব্রিটিশ সেনাদের সংঘর্ষের সময় উত্তর আয়ারল্যান্ডে দায়িত্বে ছিলেন এই জেনারেল।
ওই সংঘর্ষে ৭৩০ জন ব্রিটিশ সেনা নিহত এবং সাত হাজারের বেশি সেনা আহত হয়।
জেনারেলের সম্ভাব্য ‘সেনা বিদ্রোহে’র হুমকির জবাবে লেবার পার্টির নতুন ছায়া পররাষ্ট্রমন্ত্রী হিলারি বেন দৈনিক ইনডিপেনডেন্টকে বলেন, “এটাকে অস্বাভাবিক একটি বিবৃতি বলে তো মনে হচ্ছে।”
নিজের পরিচয় প্রকাশ না করে কেউ যদি কোনো কথা বলে তবে তার জবাবে তিনি কোনো মন্তব্য করবেন না বলেও জানান বেন।
ওদিকে, ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রণালয়ও সামরিক বাহিনীতে কর্মরত একজন জেনারেলের ভবিষ্যৎ সেনা বিদ্রোহের এমন হুঁশিয়ারির নিন্দা জানিয়েছে।
প্রতিরক্ষামন্ত্রণালয়ের একটি সূত্র বলেছে, একজন সেনা কর্মকর্তা ভবিষ্যতে সম্ভাব্য একটি সরকারকে নিয়ে রাজনৈতিক মন্তব্য করবে এটি মেনে নেয়া যায় না।
