মুখ খুলছে আইএস’র দলছুট সদস্যরা
জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস) পরিত্যাগ করে চলে আসা সদস্যরা এর কারণ সম্পর্কে মুখ খুলতে শুরু করেছে।
নতুন এক প্রতিবেদনে বলা হয়, পালিয়ে আসা ওই ব্যক্তিরা আইএস’র সদস্যদের প্রতিহিংসার শিকার হওয়ার ঝুঁকি এবং নিজ দেশে কারাগারে যাওয়া এড়াতে পরে আত্মগোপনে চলে যায়।
কিন্তু কিংস কলেজের গবেষকরা এমন ৫৮ জনকে খুঁজে বের করেছে যারা এ বিষয়ে কথা বলেছে। এই ৫৮ জনের দুই-তৃতীয়াংশই এবছর গবেষকদের সঙ্গে কথা বলেছেন।
ওই গবেষণা প্রতিবেদনে পরামর্শ দিয়ে বলা হয়, যদি এদের সাক্ষ্য প্রকাশ করা যায়, তবে তা নতুন করে আইএস এ যোগ দিতে ইচ্ছুক ব্যক্তিদের নিরুৎসাহিত করতে সাহায্য করবে।
কিংস কলেজের ‘ইন্টারন্যাশনাল সেন্টার ফর দ্য স্টাডি ফর রেডিক্যালাইজেশন’ (আইসিএসআর) এ প্রতিবেদন প্রকাশ করে ।
তাদের পরিসংখ্যান অনুযায়ী, আইএস’র শত শত সদস্য এরই মধ্যে দলত্যাগ করেছে বা দলত্যাগের পথে রয়েছে।
অনেকে তুরস্ক হয়ে নিজ নিজ দেশে চলে গেছে। অনেকে আবার আইএস’র হাতে ধরা পড়েছে এবং তাদের হত্যা করা হয়েছে।
আইসিএসআর এর দাবি, তারা যে ৫৮ জনকে খুঁজে বের করেছে “তারা মোহভঙ্গ হওয়া আইএস সদস্যদের ক্ষুদ্র একটি অংশ মাত্র। তারা পালাতে প্রস্তুত এবং স্বেচ্ছায় জনসম্মুখে তাদের অভিজ্ঞতা নিয়ে কথা বলতে চায়”।
আইএস থেকে পালিয়ে আসার কিছু মূল কারণ চিহ্নিত করেছেন গবেষকরা।
মোহভঙ্গ হওয়া অধিকাংশ সদস্যই বলেছে, আইএস মুসলমানদের সঙ্গেও খুব নির্দয় ব্যবহার করেছে, সদস্যদের সঙ্গে ‘অনৈসলামিক’ ব্যবহার করেছে এবং দুর্নীতি করেছে।
অনেকে বলেছে, আইএস এ যোগ দেয়ার পর নিজেদের দৈনন্দিন জীবন নিয়ে তারা খুব হতাশ হয়ে পড়েছিল।
আবার অনেকে এমনও আছে, যারা শুধু মাত্র বিলাসী জীবন যাপনের স্বপ্নে আইএস এ যোগ দিয়েছিল।
দুই জন বলেছে, যখন তারা জানতে পেরেছে তাদের আত্মঘাতী বোমা হামলা চালাতে হবে তখন তারা জীবন বাঁচাতে পালিয়েছে।
অন্য একজন বলেছে, ‘আইএস’র নিষ্ঠুরতা সবাইকেই আতঙ্কিত করবে’।
“তাদের নীতির সঙ্গে সাংঘর্ষিক সব কিছুই তাদের কাছে নিষিদ্ধ। কেউ কোনো সামান্য বিষয় নিয়েও দ্বিমত পোষণ করলে তাকে ধর্মত্যাগী বলে চিহ্নিত করা হয় এবং তাকে হত্যা করা হয়।”
