২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

যুক্তরাষ্ট্র আরো শরণার্থী নিতে প্রস্তুত: কেরি

যুক্তরাষ্ট্র আরো বেশি শরণার্থী নেয়ার ঘোষণা দিয়েছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Sep 2015, 08:43 PM

Updated : 25 Apr 2022, 01:54 PM

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি বলেছেন, আগামী দু’বছরে যুক্তরাষ্ট্র আরো ১৫ হাজার শরণার্থীকে ঠাঁই দেবে।

ফলে ২০১৭ সালের মধ্যে যুক্তরাষ্ট্রে আশ্রয় পাওয়া শরণার্থীর সংখ্যা সবমিলিয়ে দাঁড়াবে এক লাখে।

রোববার জার্মানির পররাষ্ট্রমন্ত্রী ওয়াল্টার স্টেইনমেইয়ারের সঙ্গে বৈঠক শেষে দেয়া এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন কেরি।

সিরিয়া থেকে অতিরিক্ত আর কত শরণার্থী নেয়া হবে তা কেরি বলেননি। তবে যুক্তরাষ্ট্র তাদেরকে সাহায্য করতে প্রস্তুত বলে প্রতিশ্রুতি দিয়েছেন তিনি।

এর আগে ১০ হাজার শরণার্থীকে আশ্রয় দেয়ার ঘোষণা দিয়েছিলেন প্রেসিডেন্ট বারাক ওবামা। সিরিয়া যুদ্ধের কারণে ইউরোপ অভিমুখে শরণার্থীদের ঢল বেড়ে যাওয়ায় নতুন করে আরো শরণার্থী নেয়ার এ ঘোষণা দিয়ে তাদেরকে সহায়তা করার সদিচ্ছাই প্রকাশ করল মার্কিন সরকার।

জার্মান পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর সংবাদ সম্মেলনে কেরি আরো বলেছেন, “ মার্কিন কংগ্রেসের সঙ্গে আলোচনা সাপেক্ষে এবং  দেশের নিরাপত্তা বজায় রেখে শরণার্থীদের সংখ্যা বাড়ানোর পথ খুঁজতে থাকব আমরা।”