২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

হোয়াইট হাউজের কর্মীর মৃত্যুতে মর্মাহত ওবামা

সড়ক দুর্ঘটনায় হোয়াইট হাউজের কর্মী জেইক ব্রিউয়ারের মৃত্যুতে মর্মাহত যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Sep 2015, 04:12 PM

Updated : 12 Oct 2022, 04:13 PM

ক্যান্সার সচেতনতামূলক এক সাইকেল শোভাযাত্রায় অংশ নিতে গিয়ে গত শনিবার দুর্ঘটনায় মারা যান ৩৪ বছর বয়সী জেইক ব্রিউয়ার, যিনি হোয়াইট হাউজের প্রযুক্তি বিষয়ক জ্যেষ্ঠ উপদেষ্টা ছিলেন।

বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, ব্রিউয়ার সাইকেলের নিয়ন্ত্রণ হারালে একটি গাড়ি তাকে চাপা দেয়।

তার মৃত্যুতে শোক প্রকাশ করে এক বিবৃতিতে প্রেসিডেন্ট ওবামা বলেন, ব্রিউয়ার তার জীবন মানুষের জন্য উৎসর্গ করেছিলেন।  সরকার যাতে জনগণের সেবায় আরও ভালভাবে কাজ করতে পারে, সেজন্য একনিষ্ঠভাবে কাজ করে গেছেন তিনি।

জেইক ব্রিউয়ারকে বিবৃতিতে ওবামা বর্ণনা করেন ‘মহৎহৃদয়ের এক মেধাবী মানুষ’ হিসেবে। 

Image
বারাক ওবামা। রয়টার্স

বারাক ওবামা। রয়টার্স

“আমি প্রায়ই বলি, আমি যখন তরুণ ছিলাম, সেই সময়ের তুলনায় আজকের তরুণ প্রজন্ম অনেক বেশি বুদ্ধিদীপ্ত, আরও বেশি দৃঢ়প্রতিজ্ঞ; পার্থক্য গড়ে দিতে তারা অনেক বেশি পারঙ্গম, জেইক ছিলেন তারই প্রমাণ।”

জেইক ব্রিউয়ার ও তার স্ত্রী মেরি ক্যাথারিন হ্যাম যখন তাদের দ্বিতীয় সন্তান ভূমিষ্ঠ হওয়ার অপেক্ষায় ছিলেন, তখনই ঘটে এই দুর্ঘটনা। 

ইন্সটাগ্রামে ব্রিউয়ারের মৃত্যুর খবর জানিয়ে ক্যাথারিন হ্যাম লেখেন, “আমি সবসময় তাকে মিস করব; এখন যতটা ভাবতে পারছি, তারচেয়ে বেশিই মিস করব।”