২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘মুসলিমরা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হওয়ার অযোগ্য’

মুসলিমরা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হওয়ার ‘অযোগ্য’ বলে মন্তব্য করেছেন দেশটির রিপাবলিকান দল থেকে প্রেসিডেন্ট পদে মনোনয়নপ্রত্যাশী বেন কার্সন। 

রয়টার্স

>>

রয়টার্স

Published : 21 Sep 2015, 12:58 PM

Updated : 25 Apr 2022, 01:54 PM

মুসলিমদের ধর্মীয় বিশ্বাস যুক্তরাষ্ট্রের সংবিধানের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় বলে দাবি করেছেন তিনি।

রোববার এনবিসি টেলিভিশন চ্যানেলের ‘মিট দ্য প্রেস’ অনুষ্ঠানে কার্সন বলেন, “এই জাতির দায়িত্বে একজন মুসলিমকে বসিয়ে দেওয়ার পক্ষে আমি ওকালতি করব না। আমি কোনোভাবেই এর সঙ্গে একমত হব না।”

এর আগে শুক্রবার রিপাবলিকান দলীয় প্রেসিডেন্ট মনোনয়ন প্রার্থীদের মধ্যে জরিপে শীর্ষস্থানে থাকা ডোনাল্ট ট্রাম্পের এক সমর্থক মুসলিম-বিদ্বেষী মন্তব্য করেন। ট্রাম্প, সমর্থকের ওই মন্তব্যের প্রতিবাদ করবেন না জানানোর পর যুক্তরাষ্ট্রজুড়ে বিতর্ক শুরু হয়।

এই পরিস্থিতিতেই ফের মুসলিম-বিরোধী মন্তব্য করলেন রিপাবলিকানদলীয় কার্সন।  

অনুষ্ঠানে খ্রিস্টান ধর্মাবলম্বী কার্সন বলেন, তিনি তার কর প্রস্তাবের ধারণা বাইবেল থেকে পেয়েছেন এবং তিনি মনে করেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের ধর্মীয় বিশ্বাস দেশটির ‘সংবিধানের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হওয়া দরকার’।  

ইসলামকে যুক্তরাষ্ট্রের সংবিধানের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ বলে মনে করেন কি না- এ প্রশ্নের উত্তরে অবসরপ্রাপ্ত নিউরোসার্জন কার্সন বলেন, “না, মনে করি না।”

যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় মুসলিম অধিকার গোষ্ঠী কার্সনের বিবৃতির নিন্দা জানিয়েছে।

যুক্তরাষ্ট্রের সংবিধানে সরকারি দায়িত্বে ধর্মীয় বিষয় জড়ানোর বিষয়ে নিষেধাজ্ঞা আছে উল্লেখ করে কার্সনকে প্রার্থী হওয়ার অযোগ্য ঘোষণা করা উচিত বলে মন্তব্য করেছে গোষ্ঠীটি।