জাপানে বিক্ষোভ থামেনি, কার্যকর হচ্ছে নিরাপত্তা বিল
জাপানে পার্লামেন্টের উচ্চকক্ষীয় কমিটিতে ‘নিরাপত্তা বিল’ পাশের পরও বিক্ষোভ থামেনি।
শুক্রবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পার্লামেন্টের সামনে হাজার হাজার মানুষ জড়ো হয়ে বিক্ষোভ করতে দেখা গেছে। তাদের স্লোগানে নিরাপত্তা বিল বাতিল আর প্রধানমন্ত্রী শিনজো আবের পদত্যাগেরই দাবি ছিল।
তবে সব কিছু ছাপিয়ে শনিবার পার্লামেন্টের এক অধিবেশনের পর সরকার বিলটি কার্যকর করতে পারবে।
এর আগে বৃহস্পতিবার বিকালে পার্লামেন্টের উচ্চকক্ষের ‘হাউজ অব কাউন্সিল’ কমিটির সদস্যরা জাপানি সেনাদের বিদেশের মাটিতে যুদ্ধে অংশগ্রহণের চুড়ান্ত অনুমতি দিয়েছিলেন। এরই প্রতিবাদে মুলত টোকিও বিক্ষোভের শহরে পরিণত হয়।
অন্যদিকে, শুক্রবার পার্লামেন্ট অধিবেশনে প্রধান চার বিরোধীদল ক্ষমতাসীন কোয়ালিশন দলের বিরুদ্ধে অনাস্থা জ্ঞাপন করে। এদিন ‘নিরাপত্তা বিল’ টি কার্যকর করার জন্য সময় চেয়ে মৌখিক ভোট আহ্বান করা হয়।
সকাল ৯ টার দিকে পার্লামেন্টের সামনে নানা বয়সী মানুষ জড়ো হতে থাকে। ইংরেজি ও জাপানি ভাষায় লেখায় প্ল্যাকার্ড হাতে তাদেরকে স্লোগান দিতে দেখা গেছে।
‘যুদ্ধের দেশ নয় জাপান’, ‘শান্তিতে থাকুক কামান’, ‘অস্ত্রতে নষ্ট শান্তি’,‘ নিরাপত্তা বিল কেবলই আনবে ভোগান্তি’, ‘ক্ষমতার দাপট আর নয়’, ‘আবে এবার তোমার হবে পরাজয়’- এসব স্লোগানে স্লোগানে যখন বাহির মুখরিত ভিতরে তখন চলছে নাটকীয় ঘটনা।
লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) ও তাদের অনুসারী কোমেইতোর সাংসদরা সংসদে আস্থা ও অনাস্থা জ্ঞাপনের একটি নামমাত্র ভোটের আয়োজন করে।
আগে থেকে পাশ করা নিরাপত্তা বিলের ওপর এ ভোট গ্রহণ শুরু করলে বিরোধীদলের সাংসদরা তা প্রতিহত করে। সরকার দলীয় সাংসদরা ভোট দেয়ার পর যখন বিরোধীদের আহ্বান করা হচ্ছিল, তখন বিরোধীরা হাউজ অব কাউন্সিলের চেয়ারম্যান ইয়োশিটাডা কোনিকেই’কে অব্যঞ্ছিত ঘোষণা করে ‘প্রিডাউন’ দেয়।
তবে বিরোধীদলের অনাস্থা দিয়েও ঠেকানো যায়নি ‘নিরাপত্তা বিল’ ।
এর আগেই সাংবিধানিক সংখ্যাগরিষ্ঠতা পেয়ে যায় শিনজো আবের এ সামরিক আইন। শনিবার সকালে প্রচলিত বিধি অনুযায়ী পার্লামেন্টে বিলটি পাশের পর ঐ দিন থেকেই জাপান সরকার তা কার্যকরের সুযোগ পাবে।
পার্লামেন্ট অধিবেশন ২৭ সেপ্টেম্বর পর্যন্ত চলার কথা থাকলেও শনিবার থেকে ৫ দিনের ছুটি শুরু হওয়ার আগে নিরাপত্তা বিলটি কার্যকরের শেষ ধাপ হিসাবে উচ্চকক্ষে এটি অনুমোদন করে নিতে চান ক্ষমতাসীন দলের আইনপ্রণেতারা।
দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর জাপানি সেনাদের নিজ দেশ ও বিশ্বশান্তি প্রতিষ্ঠায় যুদ্ধে অংশগ্রহণ নিয়ে প্রায় এক মাস ধরে বিক্ষোভ করেছে জাপানের সাধারন মানুষ। সংবিধানের ৯ অনুচ্ছেদের এই বিবরণীতে সার্বভৌমত্ব রক্ষায় জাপানি সেনাদের অস্ত্র ব্যবহারের সুযোগ রয়েছে। এর আগে গত ১৬ জুলাই সংসদের নিম্নকক্ষে বিলটি পাশ হয়।
প্রতিবেশী কয়েকটি দেশের চাপ আর সাম্প্রতিক সময়ে জঙ্গি সংগঠনের হুমকির পর জাপান শান্তি রক্ষায় সমরনীতিতে পরিবর্তন আনে। যদিও জাপানের ৯০ শতাংশ মানুষ বিলটির বিরোধিতা করে আসছিল।
