রাশিয়ার সঙ্গে সামরিক আলোচনা চায় যুক্তরাষ্ট্র
সিরিয়া নিয়ে রাশিয়ার সঙ্গে সামরিক আলোচনা চায় যুক্তরাষ্ট্র।খুব শিগগিরই এ আলোচনা হওয়ার আশা আছে বলে জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি।
সিরিয়ায় রাশিয়ার সামরিক উপস্থিতি বাড়তে থাকা নিয়ে উদ্বিগ্ন যুক্তরাষ্ট্র। দু’দেশই এ ব্যাপারে একটি অভিন্ন সিদ্ধান্তে পৌঁছানোর পথ খুঁজছে বলে জানিয়েছেন কেরি।
মস্কো এরই মধ্যে বলেছে, “সিরিয়ার পক্ষ থেকে সেনা পাঠানোর যে কোনো অনুরোধই তারা বিবেচনা করে দেখবে এবং আলোচনা করবে।”
সিরিয়া ও শরণার্থী ইস্যু নিয়ে সংযুক্ত আরব আমিরাতের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আলোচনার জন্য লন্ডনে পৌঁছে কেরি সাংবাদিকদের বলেন, প্রেসিডেন্টের বিশ্বাস দুই দেশের সামরিক আলোচনাই হচ্ছে পরবর্তী গুরুত্বপূর্ণ পদক্ষেপ এবং এ আলোচনা খুব শিগগিরই হবে।
রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রণালয় এ সপ্তাহের শুরুর দিকে এ ধরনের আলোচনার প্রস্তাব দিয়েছিল।
শুক্রবার এক মুখপাত্র বলেছেন, “আমরা কখনো যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা প্রত্যাখ্যান করিনি। সিরিয়াসহ পারষ্পরিক স্বার্থের প্রতিটি বিষয়েই আমরা এখন আলোচনার জন্য উন্মুক্ত।”
সিরিয়ার মিত্রদেশ রাশিয়া বলেছে, তারা সিরিয়াকে ইসলামিক স্টেটের বিরুদ্ধে লড়তে সহায়তা করছে।
