২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শরণার্থী সঙ্কট বাড়তে থাকায় হাঙ্গেরির সমালোচনায় ইইউ

শরণার্থীর স্রোত ঠেকাতে কঠোর পদক্ষেপ নেয়ার কারণে হাঙ্গেরির তীব্র সমালোচনা করেছেন ইউরোপীয় ইউনিয়নের আভিবাসন বিষয়ক প্রধান।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 17 Sep 2015, 10:47 PM

Updated : 25 Apr 2022, 01:52 PM

সীমান্তে বেষ্টনী দিয়ে এবং দাঙ্গা পুলিশ দিয়ে শক্তি প্রয়োগ করে শরণার্থীদের সরিয়ে দিয়েছে হাঙ্গেরি। বিষয়টি নিয়ে সৃষ্টি হয়েছে উত্তেজনা।

হাঙ্গেরি সার্বিয়ার সঙ্গে দক্ষিণাঞ্চলীয় ইইউ সীমান্ত বন্ধ করে দেয়ার পর থেকে ৫ হাজারের বেশি শরণার্থী সার্বিয়া থেকে ক্রোয়েশিয়ায় ঢুকেছে বলে জানিয়েছে পুলিশ। হাঙ্গেরির নিরাপত্তা বাহিনী বুধবার টিয়ারগ্যাস এবং জলকামান ছুড়ে শরণার্থীদেরকে ছত্রভঙ্গ করার চেষ্টা করে।

এরই প্রতিক্রিয়ায় ইইউ এর শরণার্থী বিষয়ক কমিশনার দিমিত্রিস এভরোমোপৌলাস হাঙ্গেরির পররাষ্ট্র ও স্বরাষ্ট্র মন্ত্রীদের সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে বলেন, “ইউরোপে পৌঁছানো বেশিরভাগ শরণার্থীই সিরীয়। আমাদের সাহায্য তাদের প্রয়োজন।”

তিনি আরো বলেন, “সহিংসতা এবং সন্ত্রাস থেকে বাঁচতে মানুষ এমন কোনো দেয়াল নেই যা ভেদ করবে না, এমন কানো সাগর নেই যা পাড়ি দেবে না। তাদেরকে ঠেকাতে হাঙ্গেরি যে বেষ্টনী নির্মাণ করছে তা সমস্যার সাময়িক সমাধান মাত্র। এতে করে শরণার্থীরা আরো বিক্ষিপ্ত হয়ে পড়ছে এবং উত্তেজনাই কেবল বাড়ছে।”

তবে ইউরোপীয় কর্মকর্তাদের পাশাপাশি জাতিসংঘ ও মানবাধিকার সংগঠনগুলোর সমালোচনারও পাল্টা জবাব দিয়েছে হাঙ্গেরি। দেশটির পররাষ্ট্রমন্ত্রী পিটার সিজিরাতো বলেন, পুলিশকে আক্রমণ করে দাঙ্গা সৃষ্টিকারী শরণার্থীদের পক্ষ নিয়ে কেবল সহিংসতাকেই উৎসাহিত করা হচ্ছে।

বুধবার হাঙ্গেরির পুলিশের দিকে শরণার্থীদের ছোড়া পাথর ও পানি বোতলে অন্তত ২০ পুলিশ আহত হয়।

ওই দিনের সংঘর্ষের ঘটনাটিকে আন্তর্জাতিক রাজনৈতিক মহল এবং গণমাধ্যম যেভাবে ব্যাখ্যা করছে তা উদ্ভট এবং দুঃখজনক বলে বর্ণনা করে পিটার বলেন, “একই ঘটনা যদি আজ, আগামীকাল কিংবা তারও পরের দিনগুলোতে ঘটে তাহলে এর জন্য দায়ী হবে এ মানুষগুলোই।”