ক্রোয়েশিয়ায় ঢুকেছে ৫ হাজারের বেশি শরণার্থী
হাঙ্গেরি সার্বিয়ার সঙ্গে সীমান্ত বন্ধ করে দেয়ায় ক্রোয়েশিয়ায় ঢুকেছে ৫ হাজারেরও বেশি শরণার্থী।
তারা বলকান অঞ্চলের মধ্য দিয়ে পশ্চিম ইউরোপে যাওয়ার নতুন পথ খুঁজছে বলে বৃহস্পতিবার জানিয়েছে পুলিশ। উত্তরে সার্বিয়া থেকে হাঙ্গেরির পথ এবং ইইউ দেশগুলো মঙ্গলবার থেকে সীমান্ত বন্ধ করে রাখায় শরণার্থীরা ক্রোয়েশিয়া সীমান্তের দিকে পাড়ি জমাচ্ছে।
ক্রোয়েশিয়া শরণার্থীদের জন্য দ্বার খুলে দিয়েছে। এবং এরপরই আছে ছোট্ট স্লোভেনিয়া।হাজার হাজার শরণার্থী এরপর সেখানে ভিড় জমাবে বলে মনে করা হচ্ছে।মধ্যপ্রাচ্য থেকে আসা বহু শরণার্থীই অস্ট্রিয়া হয়ে জার্মানি এবং ইউরোপের অন্যান্য সমৃদ্ধশালী দেশগুলোতে যেতে চাইছে।
শরণার্থীদের অনেকেই বলছে, “আমরা ক্লান্ত। ১০ দিন ধরে আমরা যাত্রাপথে আছি। আমরা শুধু ক্রোয়েশিয়া হয়ে জার্মানি যেতে চাই।”
শরণার্থীদের ওপর হাঙ্গেরির বিরূপ আচরণের সমালোচনা করেছে জাতিসংঘ ও অন্যান্য মানবাধিকার গ্রুপগুলো। বুধবার শরণার্থীদের সীমান্ত থেকে সরিয়ে দিতে তাদের ওপর টিয়ারগ্যাস, জলকামান ব্যবহার করে হাঙ্গেরির দাঙ্গা পুলিশ। শরণার্থী সঙ্কটেই এটিই সর্বসাম্প্রতিক সহিংসতার ঘটনা।
পুলিশ জানিয়েছে, কয়েকটি দিক দিয়ে শরণার্থীরা ক্রোয়েশিয়ায় প্রবেশ করছে। বুধবার সকাল পর্যন্ত এ সংখ্যা ছিল ৫ হাজার ৬৫০।
ইউরোপীয় ইউনিয়নের নতুন সদস্যদেশ ক্রোয়েশিয়া শরণার্থীদের জন্য দ্বার বন্ধ না করলেও স্লোভেনিয়া তাদের জন্য কোনো করিডোর তৈরি করে দিতে অপারগতা প্রকাশ করেছে। ওদিকে ক্রোয়েশিয়া ভিন্ন পন্থায় বর্তমান পরিস্থিতি সামাল দেয়ার কথা ভাবছে।
