২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সীমান্তে কড়াকড়ি শুরু করেছে অস্ট্রিয়া

ইউরোপমুখী শরণার্থীদের ঢল আটকাতে জার্মানি ও হাঙ্গেরির পর এবার অস্ট্রিয়া তাদের সীমান্তে কঠোর নিয়ন্ত্রণ ব্যবস্থা চালু করেছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Sep 2015, 08:15 PM

Updated : 25 Apr 2022, 01:52 PM

বুধবার থেকে নতুন এ ব্যবস্থা কার্যকর হয়।

এর আগে রোববার থেকে জার্মানি তাদের সীমান্তে কিছু কিছু নিয়ন্ত্রণ ব্যবস্থা আরোপের ঘোষণা দেয়। তারা অস্ট্রিয়া থেকে জার্মানিগামী ট্রেন চলাচল বন্ধ করে দিয়েছে।

পরদিনই সীমান্ত নিয়ন্ত্রণে নতুন আইন জারি করে হাঙ্গেরি সরকার। তারা সার্বিয়া সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণ করে এবং অবৈধভাবে প্রবেশকারীদের শাস্তির বিধান রেখে নতুন আইন প্রণয়ন করে।

সোমবার মধ্যরাত থেকে ওই আইন কার্যকর হয়। ফলে মঙ্গলবার থেকেই হাঙ্গেরি হয়ে অস্ট্রিয়া প্রবেশকারী শরণার্থীদের সংখ্যা কমতে থাকে।

অস্ট্রিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী জোহান্না মিক-লেইটনার বলেন, “এই সীমান্ত নিয়ন্ত্রণ নিশ্চিতভাবেই বিশ্বের জন্য একটি গুরুত্বপূর্ণ সঙ্কেত হবে। শরণার্থীদের এই সীমাহীন প্রবাহ সব সময়ের জন্য চলতে পারে না।”

এই সমস্যা সমাধানের উপায় খুঁজে ইউরোপের নেতাদের বৈঠকে বসার আহ্বান জানিয়েছে অস্ট্রিয়া ও জার্মানি।

তারা ইউরোপীয় ইউনিয়নভূক্ত (ইইউ) দেশগুলোর মধ্যে কোটা ভিত্তিতে এই আশ্রয়প্রার্থীদের ভাগ করে দেয়ার প্রস্তাবও দিয়েছে।

যদিও পূর্ব ইউরোপের দেশগুলো এই প্রস্তাবের বিরোধিতা করেছে।