যুক্তরাষ্ট্রে বিশ্ববিদ্যালয়ের শিক্ষককে গুলি করে হত্যা
যুক্তরাষ্ট্রের মিসিসিপি অঙ্গরাজ্যের ডেল্টা স্টেট বিশ্ববিদ্যালয়ের এক অধ্যাপক এক বন্দুকধারীর গুলিতে নিহত হয়েছেন।
সোমবার বিশ্ববিদ্যালয়টির ইতিহাস বিভাগের অধ্যাপক ইথান শমিতকে তার বিভাগীয় দপ্তরে হত্যা করা হয় বলে জানিয়েছে বিবিসি।
এ হত্যাকাণ্ডের জন্য একই বিশ্ববিদ্যালয়ের ভূগোলের অধ্যাপক শ্যানন ল্যাম্বকে সন্দেহ করা হচ্ছে। ৪৫ বছর বয়সী ল্যাম্ব একই দিন সকালে আরেক নারীকে গুলি করে হত্যা করেছেন বলে সন্দেহ করছে পুলিশ।
পুলিশ জানিয়েছে, ভোরে ডেল্টা বিশ্ববিদ্যালয় থেকে ৩০০ মাইল দূরে গাউটিয়ারে নিজ বাসায় এমি প্রেন্টিসের (৪১) গুলিবিদ্ধ মৃতদেহ পাওয়া যায়। প্রেন্টিসের সঙ্গে একই বাসায় ল্যাম্ব বসবাস করতেন বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
গাউটিয়ার থেকে গাড়িতে বিশ্ববিদ্যালয়ে যেতে পাঁচঘন্টা সময় লাগে। স্থানীয় সময় সকাল ১০টা ১৮-তে বিশ্ববিদ্যালয় থেকে পুলিশকে ফোন করে গুলিবর্ষণের কথা জানানো হয়।
পুলিশ জানিয়েছে, অধ্যাপক শমিতকে বিশ্ববিদ্যালয়ের জব হল ভবনের নিজ দপ্তরের ভিতরে গুলি করা হয়।
গুলির্বষণের পর পুলিশ বিশ্ববিদ্যালয়ের ভবনগুলো থেকে শিক্ষার্থীদের সরিয়ে নিয়ে ভবনগুলো তালাবদ্ধ করে দেয়। শেষ খবর পাওয়া পর্যন্ত বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের চারদিকে পুলিশের কয়েকটি হেলিকপ্টার চক্কর দিচ্ছিল এবং কয়েকশ পুলিশ ভবনগুলোতে তল্লাশি করছিল।
সন্দেহভাজন গুলিবর্ষণকারী শ্যানন ল্যাম্ব ২০০৯ সালে বিশ্ববিদ্যালয়টিতে যোগ দিয়েছিলেন।
ল্যাম্ব ‘ব্যক্তিগত কারণে’ বিশ্ববিদ্যালয় থেকে ছুটি নিয়েছিলেন বলে জানিয়েছেন ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক ডন মিশেল।
নিহত অধ্যাপক শমিত ‘সব বিবেচনায় একজন ভদ্রলোক’ ও ‘পরিবার অন্তঃপ্রাণ মানুষ’ ছিলেন বলে জানিয়েছেন অধ্যাপক মিশেল।
আরকানসাস অঙ্গরাজ্যের সীমান্তের কাছে মিসিসিপির এই বিশ্ববিদ্যালয়টিতে প্রায় সাড়ে তিন হাজার শিক্ষার্থী আছেন।
