২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শরণার্থী ভাগের প্রস্তাব নিয়ে বিরোধে ইইউ, সীমান্তে কড়াকড়ি

ইউরোপজুড়ে শরণার্থীদের ভাগ করে নেয়ার প্রস্তাব নিয়ে বিরোধে জড়িয়েছে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ)সদস্য দেশগুলো।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Sep 2015, 12:06 AM

Updated : 25 Apr 2022, 01:52 PM

জার্মানি শরণার্থী ভাগাভাগির পরিকল্পনা সমর্থন করলেও পূর্বের কয়েকটি সাবেক কমিউনিস্ট দেশ তা প্রত্যাখ্যান করেছে।

ইইউ দেশগুলোর মধ্যে ১ লাখ ২০ হাজার শরণার্থী ভাগ করে নেয়ার ইইউ’র নির্বাহী কর্তাদের দেয়া প্রস্তাবে একমত হতে ব্রাসেলসে সোমবারই একটি খসড়া চুক্তি নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীদের বৈঠক হওয়ার কথা।কিন্তু শরণার্থীদেরকে বন্টন করার বিষয়টি নিয়ে আলোচনা বাকী রয়ে যাচ্ছে আগামী আরো কয়ক সপ্তাহের জন্য।

জার্মানির সমর্থন নিয়ে ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট জ্য ক্লদ জাঙ্কের শরণার্থী নিতে ইইউ দেশগুলোর জন্য জাতীয় কোটা পদ্ধতি প্রস্তাব করেছিলেন। কিন্তু পূর্বাঞ্চলীয় কয়েকটি সাবেক কমিউনিস্ট রাষ্ট্র এর বিরোধিতা করেছে। বিশেষত, স্লোভাকিয়া, চেক রিপাবলিক এবং হাঙ্গেরি। কোটা পদ্ধতির কারণে আরো শরণার্থী ইউরোপমুখী হবে এবং সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি হবে বলে যুক্তি দিচ্ছে তারা।

স্লোভাক স্বরাষ্ট্রমন্ত্রী রবার্ট কলিনাক বলেছেন, “কোটা পদ্ধতি সমস্যার কোনো সমাধান নয়।”

ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট ডোনাল্ড তুস্ক শুক্রবার বলেছেন, সদস্য দেশগুলোর মন্ত্রণালয় কোনো সমাধানে পৌঁছতে না পারলে তিনি জরুরি বৈঠকের জন্য ইইউ নেতাদেরকে ডেকে পাঠাবেন। তবে ৮ অক্টোবর ইইউ স্বরাষ্ট্রমন্ত্রীদের নিয়মিত বৈঠকের আগে এ ধরনের বৈঠকের গুরুত্ব নিয়ে প্রশ্ন তুলেছে কয়েকটি দেশের সরকার।

শরণার্থী ভাগ করা নিয়ে বাদানুবাদের মধ্যে ইইউ ও জার্মান কর্মকর্তারা পূর্বাঞ্চলীয় দেশগুলোর নেতাদের ওপর চাপ সৃষ্টি করছেন (যে দেশগুলো বেশিসংখ্যক শরণার্থীকে আশ্রয় দিতে অপারগতা প্রকাশ করেছে)। ওই দেশগুলো শরণার্থী নেয়ার একটি অভিন্ন পরিকল্পনায় পৌঁছতে না পারলে ইউরোপীয় দেশগুলোর শেঙগেন অবাধ সীমান্ত ব্যবস্থা ভেঙে পড়তে পারে বলেও হুঁশিয়ার করেছেন কর্মকর্তারা।

জার্মানি রোববার সীমান্তে নতুন করে কড়াকড়ি শুরু করার ঘোষণা দিয়ে অন্যদেশগুলোর ওপর শরণার্থী নেয়ার জন্য চাপ বাড়িয়েছে। জার্মানির ভাইস চ্যান্সেলর বলেছেন, “তার দেশের শরণার্থী আশ্রয় দেয়ার সক্ষমতা সীমিত।”

জার্মানির দেখাদেখি শরণার্থীদের ঢল আটকাতে ইউরোপের অন্য দেশগুলোও নতুন করে সীমান্ত নিয়ন্ত্রণ শুরু করেছে।

সোমবার থেকে এই নিয়ন্ত্রণ শুরু হয়। দুই দশক ধরে ইউরোপের দেশগুলোতে সীমান্ত বিহীন অবাধ ভ্রমণের সুযোগ থাকলেও এখন সীমান্তে কড়াকড়ির মধ্য দিয়ে তা ভেঙে পড়তে শুরু করছে বলেই মনে করা হচ্ছে।

অস্ট্রিয়া তাদের হাঙ্গেরি সীমান্ত নিয়ন্ত্রণের জন্য সেখানে সেনাবাহিনী মোতায়েন করার সিদ্ধান্ত নিয়েছে। ওদিকে, রাতভর হাজার হাজার শরণার্থী পায়ে হেঁটে সীমান্ত অতিক্রম করে হাঙ্গেরি থেকে অস্ট্রিয়া প্রবেশ করেছে। ফলে অস্ট্রিয়ার সাময়িক আশ্রয় কেন্দ্র এবং রেলস্টেশনগুলোতে এখন শরণার্থীদের উপচে পড়া ভীড়। 

যৌথ সংবাদ সম্মেলনে অস্ট্রিয়ার ভাইস চেন্সেলর রেইনহোল্ড মিটেরলেহনের বলেন, “যদি জার্মানি সীমান্ত নিয়ন্ত্রণ করে সেক্ষেত্রে অবশ্যই অস্ট্রিয়া আরো কড়াভাবে নিজেদের সীমান্ত নিয়ন্ত্রণ করবে।”

“আমরা এখনই এটা করব।”

সীমান্তে সেনাবাহিনী সীমান্তরক্ষী বাহিনীর সহযোগী হিসেবে কাজ করবে বলেও জানান তিনি।

সংবাদ সম্মেলনে অস্ট্রিয়ার চ্যান্সেলর ওয়ার্ন ফাইম্যান বলেন, “মানবিক সাহায্যের হাত বাড়িয়ে দেয়ার দিকেই এখনো মূল মনযোগ দেয়া হচ্ছে। কিন্তু এখন যেখানে প্রয়োজন সেখানে সীমান্ত নিয়ন্ত্রণও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে এবং বিষয়টিকে আমি আরো গুরুত্ব দিয়ে দেখতে চাই।”

স্লোভাকিয়াও অস্ট্রিয়া ও হাঙ্গেরির সঙ্গে সীমান্ত বন্ধ করে দেয়ার ঘোষণা দিয়েছে।

ছবি: গ্রিস-মেসিডোনিয়া সীমান্তে হেঁটে যাচ্ছে সিরীয় শরণার্থীরা।