লেবার পার্টির নেতা হলেন বামপন্থি করবিন
যুক্তরাজ্যের প্রধান বিরোধী দল লেবার পার্টির নেতা নির্বাচিত হয়েছেন বামপন্থি প্রবীণ রাজনীতিক জেরেমি করবিন।
লন্ডনের ইজলিংটনের আটবারের এমপি করবিন দলীয় নেতা নির্বাচন প্রক্রিয়ার শুরুর দিকে ততোটা আলোচনায় ছিলেন না।
তবে অর্থনৈতিক নীতির ক্ষেত্রে কৃচ্ছতাবিরোধী অবস্থান এবং ব্রিটেনের পরমাণু অস্ত্র কমানো ও রেলসহ প্রধান সেবাখাতগুলোকে পুনরায় জাতীয়করণের প্রতিশ্রুতি দিয়ে দ্রুত জনপ্রিয়তা পান তিনি।
প্রথম দফায় প্রায় ৬০ শতাংশ ভোট পেয়ে তিন প্রতিদ্বন্দ্বী এন্ডি বার্নহাম, ইভেট কুপার ও লিজ কেন্ডলকে হারিয়ে যুক্তরাজ্যের বিরোধী দলীয় নেতার মুকুট পরেন তিনি।
মোট চার লাখ ২২ হাজার ৬৬৪ জন পার্টি সদস্য ও সমর্থক এই নির্বাচনে ভোট দেন, যার মধ্যে দুই লাখ ৫১ হাজার ৪১৭ জনের সমর্থন পেয়েছেন করবিন।
গত মে মাসে অনুষ্ঠিত যুক্তরাজ্যের জাতীয় নির্বাচনে দলের পরাজয়ের পর লেবার পার্টির নেতৃত্ব থেকে সরে দাঁড়ান এড মিলিব্যান্ড। এরপরেই নতুন নেতা নির্বাচনের প্রক্রিয়া শুরু হয়।
লেবার পার্টির নেতা নির্বাচিত হওয়ার পর ৬৬ বছর বয়সী করবিন বলেন, “আমি সবাইকে আগাম ধন্যবাদ দিতে চাই ভোটে বিজয় পেতে একসঙ্গে কাজ করার জন্য এবং সে বিজয় শুধু ভোটের মাধ্যমে লেবার পার্টিকে জয়ী করা নয়।
“এই উপলব্ধি প্রদর্শনের জন্য যে, আমাদের অসম থাকতে হবে না, অন্যায় টিকিয়ে রাখতে হবে না, দারিদ্র্য দূর করা যাবে না এমন নয়।”
লেবার পার্টির নেতা নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতায় তার বিজয়ে ইউরোপজুড়ে ক্রমশ বামপন্থিদের জনপ্রিয়তা বাড়ার প্রতিফলন ঘটেছে বলে বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে।
গ্রিসে ক্ষমতায় বামপন্থি সিরিজা পার্টি, স্পেনে অর্থনৈতিক সংকোচন নীতিবিরোধী দল পোডেমস ভালো করছে বলে জনমত জরিপে উঠে এসেছে।
“লেবার পার্টির নেতা হিসেবে করবিনের বিজয় একটি বড় সুখবর, এটা ইউরোপে জনগণের সুবিধার জন্য পরিবর্তনের দিকে একধাপ এগিয়ে যাওয়া,” টুইটে লিখেছেন পোডেমসের নেতা পাবলো গ্লেসিয়াস।
