‘আইএস রাসায়নিক অস্ত্র বানাচ্ছে, ব্যবহারও করছে’
ইসলামিক স্টেট (আইএস) রাসায়নিক অস্ত্র বানাচ্ছে এবং ব্যবহার করছে বলে দাবি করেছেন এক মার্কিন কর্মকর্তা। যুক্তরাষ্ট্র সরকারের এ বিশ্বাস ক্রমেই দৃঢ় হচ্ছে বলে বিবিসি’কে জানিয়েছেন তিনি।
কর্মকর্তা আরো বলেন, ইরাক ও সিরিয়ার সীমান্তাঞ্চলে অন্তত চার বার তারা রাসায়নিক অস্ত্র (মাস্টার্ড এজেন্ট) ব্যবহার করেছে বলে যুক্তরাষ্ট্র আলামত পেয়েছে। পাউডার হিসাবে এ রাসায়নিক অস্ত্র ব্যবহার করা হচ্ছে।
তুরস্ক ও সিরিয়া সীমান্তে বিবিসি’র একটি টিম রাসায়নিক অস্ত্র ব্যবহারের প্রমাণ পেয়েছে, যা থেকে মার্কিন কর্মকর্তার ওই দাবিই প্রতিষ্ঠিত হয়েছে।
যুক্তরাষ্ট্রের বিশ্বাস, আইএসের একটি দল আছে, যাদের কাজ রাসায়নিক অস্ত্র বানানো।
আইএস জঙ্গিরা মর্টারের গোলার মতো বিস্ফোরকে পাউডার আকারে মাস্টার্ড এজেন্ট ব্যবহার করছে বলে জানান ওই মার্কিন কর্মকর্তা।
তিনি বলেন, মাস্টার্ড এজেন্ট বানানোর উপায় জানা সহজ। এটি বানানোও খুব কঠিন না।
ফলে তারা এটি নিজেরাই বানিয়ে থাকতে পারে, অথবা এমনও হতে পারে যে, আইএস ইরাকে রাসায়নিক অস্ত্রের কোনো গুপ্ত ভান্ডারের খোঁজ পেয়ে সেখান থেকেই তা ব্যবহার করছে।
তবে মার্কিন কর্মকর্তা বলছেন, ইরাকে আইএস এর অস্ত্রভান্ডারের খোঁজ পাওয়ার তেমন সম্ভাবনা নেই। কারণ, তা হলে তাদের আগেই মার্কিন সেনারা সে ভান্ডারের খোঁজ পেত। আবার সিরিয়া তাদের রাসায়নিক অস্ত্র ধ্বংস করার আগে সিরিয়া সরকারের কাছ থেকে আইএস এর রাসায়নিক অস্ত্র জব্দ করার সম্ভাবনাও তেমন নেই।
