১০ হাজার সিরীয় শরণার্থীকে আশ্রয় দিতে ওবামার নির্দেশ
গৃহযুদ্ধকবলিত সিরিয়ার অন্ততপক্ষে ১০ হাজার শরণার্থীকে আশ্রয় দেওয়ার জন্য সরকারকে প্রস্তুতি নেওয়ার নির্দেশ দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা।
বৃহস্পতিবার হোয়াইট হাউজ থেকে এই ঘোষণা দেওয়া হয়।
হোয়াইট হাউজের মুখপাত্র জোস আর্নেস্ট তার দৈনন্দিন সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন।
এর ঠিক একদিন আগেই মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি বলেছিলেন, শরণার্থী সমস্যায় আক্রান্ত ইউরোপের পরিস্থিতি বিবেচনায় আরো সিরীয় শরণার্থীকে আশ্রয় দেওয়ার ব্যাপারে যুক্তরাষ্ট্র অঙ্গীকারাবদ্ধ।
সংবাদ সম্মেলনে আর্নেস্ট জানান, ২০১৬ অর্থবছরে যুক্তরাষ্ট্র ১০ হাজার শরণার্থী গ্রহণে সক্ষম। ফলে দেশটির শরণার্থী আশ্রয় দেওয়া সংক্রান্ত বার্ষিক কোটা বাড়ানো প্রয়োজন।
২০১৩ সাল থেকে যুক্তরাষ্ট্র বছরে ৭০ হাজার শরণার্থীকে আশ্রয় দিতে পারবে বলে কোটা নির্দিষ্ট করা হয়েছে।
২০১৬ অর্থবছরে যুক্তরাষ্ট্র বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আসা শরণার্থীদের যেন আশ্রয় দিতে পারে এ সংক্রান্ত কোটা বাড়ানোর ব্যাপারে বুধবার কেরি একদল আইনপ্রণেতার সঙ্গে বৈঠক করেছেন।
ওই বৈঠকে অংশ নেওয়া কর্মকর্তারা জানিয়েছেন, ২০১৬ অর্থবছরে শরণার্থী কোটা অন্ততপক্ষে ৭৫ হাজার নির্ধারণের প্রস্তাব করা হয়েছে। কিন্তু কেরি এই সংখ্যা ১ লাখে উন্নীত করার প্রস্তাব দিয়েছেন।
চারবছর আগে সিরিয়ায় গৃহযুদ্ধ শুরু হওয়ার পর থেকে যুক্তরাষ্ট্র এ পর্যন্ত মাত্র ১৫০০ সিরীয় শরণার্থীকে আশ্রয় দিয়েছে। তাদের বেশিরভাগকেই সাম্প্রতিক মাসগুলোতে আশ্রয় দেওয়া হয়েছে।
চলতি মাসে আরো ৩০০ সিরীয় শরণার্থীকে আশ্রয় দিচ্ছে যুক্তরাষ্ট্র।
