ভূমধ্যসাগর পাড়ির অপেক্ষায় ৮৫০,০০০ শরণার্থী: জাতিসংঘ
ভুমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপে প্রবেশের চেষ্টায় আছে অন্তত সাড়ে আট লাখ মানুষ। চলতি বছর এবং আগামী বছর এসব মানুষ ইউরোপে আশ্রয় পেতে ইচ্ছুক বলে জানিয়েছে জাতিসংঘ।
মঙ্গলবার জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআর’ এর প্রকাশিত এক প্রতিবেদনে সতর্ক করে দিয়ে বলা হয়েছে, অভিবাসী প্রত্যাশীদের এ বাড়তি চাপ সামাল দিতে হলে ইউরোপের সব দেশকে সমন্বিতভাবে শরণার্থী নীতিমালা নিতে হবে।
ইউএনএইচসিআর বলেছে, বেশিরভাগ শরণার্থীই হবে সিরীয়। বছরের পর বছর ধরে রক্তক্ষয়ী গৃহযুদ্ধের কারণে বাধ্য হয়েই দেশ ছাড়ছে সিরিয়ার নাগরিকরা।
সংস্থাটির অনুমান, এবছর অন্তত চার লাখ নতুন শরণার্থী অন্তর্জাতিক আশ্রয়লাভের উদ্দেশ্যে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপে ভিড়বে। ২০১৬ সালে এ সংখ্যা সাড়ে চার লাখের বেশি হয়ে যেতে পারে।
সংস্থাটির মুখপাত্র উইলিয়াম স্পিনলার বলেন, “এ বছর যে পরিমান আসবে বলে অনুমান করা হয়েছে তা প্রায় পরিপূর্ণ। এরই মধ্যে তিন লাখ ৬৬ হাজার মানুষ সমুদ্র পাড়ি দিয়েছে বা পথে রয়েছে। এই সংখ্যা আসলে কত হবে সেটা নির্ভর করছে কবে নাগাদ শীত পড়তে শুরু করবে এবং সমুদ্র পাড়ি দেয়া আরো বিপজ্জনক হয়ে যাবে।”
তবে এখন পর্যন্ত ইউরোপমুখী শরণার্থীর ঢল কমার কোনো লক্ষণ নেই। বরং অনেকের ধারণা করছে, জার্মানি সিরিয়ার শরণার্থীদের আশ্রয় প্রার্থনার নিময় কানুন শিথিল করে দেয়ায় এ প্রবণতা আরো বাড়বে।
সোমবার একদিনেই সিরিয়ার রেকর্ড সাত হাজার শরণার্থী মেসিডোনিয়ায় পৌঁছেছে। আরও ৩০ হাজার গ্রিসে অপেক্ষা করছে।
এক সংবাদ সম্মেলনে ইউএনএইচসিআর’র মুখপাত্র মেলিসা ফ্লেমিং বলেন, “তাই নিশ্চিতভাবেই বলা যায়, এ সপ্তাহে (শরণার্থীদের নিয়ে) ইউরোপে যে আলোচনা শুরু হয়েছে সেটা এখন আরো জরুরি ভিত্তিতে করতে হবে। এটিকে অবশ্যই ইউরোপীয় সমস্যার জার্মান সমাধানে পরিণত হতে দেয়া যাবে না।”
সমস্যা সমাধানের পরামর্শ দিতে গিয়ে ইউএনএইচসিআর’র প্রধান অ্যান্টোনিও গুতেরেস বলেন, শরণার্থীদের ইউরোপে প্রবেশের বৈধ পথের সংখ্যা বাড়াতে হবে।
জার্মানি শরণার্থীদের এই বিশাল চাপ সামলাতে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ভূক্ত অন্যান্য দেশগুলোর সহযোগিতা কামনা করেছে।
ওদিকে ইতালি, হাঙ্গেরি ও গ্রিসে পৌঁছানো এক লাখ ৬০ হাজার শরণার্থীকে ইইউ ভূক্ত দেশগুলোর মধ্যে ভাগ করে দেয়ার বিষয়ে একটি পরিকল্পনা এ সপ্তাহে প্রকাশ করতে পারে ইইউ’র নির্বাহী কমিশন।
জাতিসংঘের উন্নয়ন এবং অভিবাসন বিষয়ক বিশেষ প্রতিনিধি পিটার সুদারল্যান্ড ইউরোপীয় ইউনিয়নকে ‘সঙ্গতিপূর্ণ ব্যবস্থায়’ এবং ‘ন্যায্য বরাদ্দের’ ভিত্তিতে শরণার্থীদের ভাগ করার আহ্বান জানিয়েছেন।
এছাড়া, যুক্তরাষ্ট্র, ধনী আরব দেশ এবং জাপানকেও তাদের দায়িত্ব গ্রহণ করা উচিত বলে মনে করেন তিনি।
যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বলা হয়, তারা এ সমস্যা সমাধানে ব্যবস্থা গ্রহণের বিষয়ে চিন্তা ভাবনা করছে। চাপের মুখে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী টনি অ্যাবোট ১২ হাজার সিরীয় শরণার্থীকে আশ্রয় দেয়ার প্রতিশ্রুতি দিয়েছেন।
