যুক্তরাজ্যের দীর্ঘতম সময়ের রানী এলিজাবেথ
ব্রিটেনের রানী হিসেবে এলিজাবেথ সবচেয়ে দীর্ঘসময় দেশটির সিংহাসনে থাকার ইতিহাস সৃষ্টি করতে যাচ্ছেন।
দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠতে সংগ্রাম করতে থাকা যুক্তরাজ্যের রানী হিসেবে অভিষিক্ত হয়েছিলেন তিনি।
বিবিসি বলছে, বুধবার স্থানীয় সময় বিকাল সাড়ে ৫টায় তিনি তার দাদার দাদী পূর্বসূরী রানী ভিক্টোরিয়ার ৬৩ বছর সাত মাস দুই দিন ১৬ ঘণ্টা ২৩ মিনিট সিংহাসনে আসীন থাকার সময়টি পেরিয়ে যাবেন।
বর্তমানে ৮৯ বছর বয়সী এলিজাবেথ তার বাবা রাজা ষষ্ঠ জর্জের মৃত্যুর পর ১৯৫২ সালের ৬ ফেব্রুয়ারি মাত্র ২৫ বছর বয়সে রানী হিসেবে ব্রিটিশ সিংহাসনে আসীন হয়েছিলেন।
তরুণী রাজকুমারী এলিজাবেথের ব্রিটেনের রানী হওয়ার কথা ছিল না। কিন্তু তার বড় ভাই সপ্তম এডওয়ার্ড যুক্তরাষ্ট্রের তালাকপ্রাপ্তা উয়িলস সিম্পসনকে বিয়ে করার জন্য ১৯৩৬ সালে সিংহাসনের দাবি ছেড়ে দিলে বাবার উত্তরসূরী হিসেবে এলিজাবেথ মনোনীত হন।
যুক্তরাজ্যের রাণী এলিজাবেথ। ছবি: রয়টার্স
বিশেষ এই ক্ষণটি উপলক্ষে ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন রানীর প্রতি শ্রদ্ধা নিবেদনে নেতৃত্ব দেন।
ক্যামেরন বলেন, “৬৩ বছর ধরে মহামান্য রানী সতত পরিবর্তনশীল এই বিশ্বে স্থিতিশীলতার এক প্রতীক হয়ে আছেন। তার স্বার্থশূন্য সেবা ও কর্তব্যপরায়ণতা শুধু ব্রিটেনের নয়, সারা বিশ্বের শ্রদ্ধা কুড়িয়েছে।”
“সম্মান ও মর্যাদার সঙ্গে তিনি আমাদের দেশের সেবা করেছেন। তাই আজ খুব সঙ্গতভাবেই আমরা তার অসাধারণ রেকর্ড উদযাপন করবো।”
রানীর ঘনিষ্ঠজনেরা জানিয়েছেন, ঐতিহাসিক এই ক্ষণটি নিয়ে তেমন উচ্ছ্বাস দেখাননি এলিজাবেথ। দীর্ঘ জীবনের কারণেই এই অর্জন বলে মনে করেন তিনি।
যুক্তরাজ্যের রাণী এলিজাবেথ। ছবি: রয়টার্স
ঐতিহ্যগতভাবে স্কটল্যান্ডে গ্রীষ্মকালীন অবকাশ কাটানো রানী সেখানে একটি সরকারি অনুষ্ঠানে থাকতে সম্মত হয়েছেন।
এই অনুষ্ঠানে ১০০ বছর আগে প্রথমবারের মতো ব্রিটেনে চালু করা সবচেয়ে দীর্ঘ অভ্যন্তরীণ স্টিমইঞ্জিন চালিত রেলওয়ের উদ্বোধনের ক্ষণটি উপলক্ষে ভ্রমণে বের হবেন তিনি। এ সময় স্বামী প্রিন্স ফিলিপ তার সঙ্গে থাকবেন।
বাকিংহাম প্যালেসের মুখপাত্র জানিয়েছেন, ওই ট্রেন ভ্রমণের পর জনসাধারণের উদ্দেশে রানীর একটি বক্তৃতা দেওয়ার সম্ভাবনা রয়েছে।
