১২৭ শিশুকে অপহরণ করেছে আইএস
ইরাকের মসুল শহরে ১২৭ শিশুকে অপহরণ করেছে ইসলামিক স্টেটের (আইএস) জঙ্গিরা।
এই শিশুদের প্রশিক্ষণ দিয়ে সন্ত্রাসী কর্মকাণ্ডে ব্যবহারই গোষ্ঠীটির উদ্দেশ্য বলে মঙ্গলবার গণমাধ্যমে প্রকাশিত এক প্রতিবেদনে দাবি করা হয়েছে।
ইরাকের গণমাধ্যমে প্রকাশিত ওই প্রতিবেদনে কুর্দিস্তান ডেমক্রেটিক পার্টির কর্মকর্তা সাইয়িদ মামৌজিনির বরাতে জানিয়েছে, সম্প্রতি কয়েক দিনের ব্যবধানে আইএস ১১ থেকে ১৫ বছর বয়সী ১২৭ জন শিশুকে অপহরণ করেছে।
এই শিশুদের বিশেষ শিবিরে প্রশিক্ষণের জন্য পাঠানো হয়েছে। সেখানে তাদের অস্ত্র ব্যবহার ও সন্ত্রাসী অভিযান পরিচালনার ওপর হাতেকলমে শিক্ষা দেওয়া হবে বলে ওই কর্মকর্তা জানিয়েছেন।
২০১৪ সালের মাঝামাঝি সময় থেকে ইরাকের গুরুত্বপূর্ণ শহর ইসলামিক স্টেটের দখলে রয়েছে।
