মিয়ানমারে নির্বাচনী প্রচারণা শুরু
মিয়ানমারে জাতীয় নির্বাচনের আর মাত্র দুই মাস বাকি। এরই মধ্যে শুরু হয়ে গেছে নির্বাচনী প্রচারণা।
দীর্ঘ ২৫ বছরের মধ্যে দেশটিতে এই প্রথম আগামী ৮ নভেম্বর সব দলের অংশগ্রহণে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে।
সেনাবাহিনী সমর্থিত বর্তমান ক্ষমতসীন দল ইউনিয়ন সলিডারেটি অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টি (ইউএসডিপি)কে হারিয়ে শান্তিতে নোবেল পুরস্কার বিজয়ী অং সান সু চির দল ন্যাশনাল লীগ ফর ডেমোক্রেসি (এনএলডি) নির্বাচনে জয়লাভ করবে বলে ধারণা করা হচ্ছে।
তবে সু চি’র প্রেসিডেন্ট হওয়ার পথে সাংবিধানিক কিছু বাধা রয়েছে বলে বিবিসি’র প্রতিবেদনে বলা হয়েছে।
নির্বাচনে প্রায় ৯০টি দল অংশ নেবে।
অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের আহ্বান জানিয়ে ফেইসবুকে পোস্ট করা এক ভিডিও বার্তায় সুচি বলেন, “কয়েক দশক পর এই প্রথম আমাদের দেশের জনগণ সত্যিকারের পরিবর্তন আনতে একটি সত্যিকারের সুযোগ পেয়েছে।”
“এটি এমন এক সুযোগ যা হাতছাড়া করার ধাক্কা আমরা সামলাতে পারব না।”
নির্বাচনের ফলাফল বিপক্ষে গেলে সেনাবাহিনী সেটা মেনে নাও নিতে পারে আশঙ্কা করে সু চি আরও বলেন, “অবাধ ও সুষ্ঠু নির্বাচনের চাইতে মসৃণ এবং সুস্থ পরিবর্তন অনেক বেশি জরুরি।”
মিয়ানমারের সংবিধান অনুযায়ী, পার্লামেন্টের ২৫ শতাংশ আসন সেনাবাহিনীর জন্য সংরক্ষিত। তাই সু চির দল ও তাদের মিত্রদের নিজেদের পছন্দের প্রেসিডেন্ট নির্বাচন করতে হলে বাকি আসনের অন্তত দুই-তৃতীয়াংশে জয়লাভ করতে হবে।
এমনকি যদি এনএলডি সংসদে সংখ্যাগোরিষ্ঠতা লাভ করে তবুও সাংবিধানে কোনো পরিবর্তন আনতে হলে নিশ্চিতভাবেই সেনাবাহিনীর একটি ভোট প্রয়োজন হবে।
মিয়ানমারে ১৯৯০ সালে সর্বশেষ জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। সেবার এনএলডি অধিকাংশ আসনে জয়লাভ করলেও সেনাবাহিনী ওই ফল বাতিল করে দেয় এবং সু চিকে গৃহবন্দি করে। দীর্ঘ ১৫ বছর গৃহবন্দি ছিলেন এই নেত্রী।
২০১০ সালে নামমাত্র একটি নির্বাচন হলেও এনএলডি তাতে অংশ নেয়নি। ওই নির্বাচনের এক সপ্তাহ পর সু চিকে মুক্তি দেয়া হয়।
২০১২ সালের মধ্যবর্তী নির্বাচনে ৪৪টি আসনের মধ্যে ৪৩টিতে জেতে এনএলডি।
