সিরিয়ায় যুক্তরাজ্যের ড্রোন হামলায় দুই ব্রিটিশ নাগরিক নিহত
সিরিয়ার রাক্কা প্রদেশে যুক্তরাজ্যের চালকবিহীন বিমান (ড্রোন) হামলায় প্রথমবারের মতো ইসলামিক স্টেটের (আইএস) হয়ে লড়াই করা দুই ব্রিটিশ জঙ্গি নিহত হয়েছেন।
সোমবার ব্রিটিশ পার্লামেন্টকে এ তথ্য জানিয়েছেন দেশটির প্র্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন।
সিরিয়ায় ব্রিটিশ জঙ্গি-জিহাদি নাগরিকদের লক্ষ করে চালানো এটাই প্রথম ড্রোন হামলা বলে ক্যামেরনের বরাত দিয়ে বিবিসি জানিয়েছে।
নিহত ব্রিটিশ নাগরিকরা হলেন কার্ডিফে জন্মগ্রহণকারী রিয়াদ খান (২১) ও আবেরদ্বিনের রুহুল আমিন।
গেল মাসে রাক্কায় আইএসের অন্য আরেকজন যোদ্ধার পাশাপাশি ব্রিটিশ ড্রোন হামলায় এ দুজনও নিহত হন।
নিহত রিয়াদ খান যুক্তরাজ্যে ‘বর্বর ধরনের’ হামলা চালানোর পরিকল্পনা করছিলেন এবং তাকে লক্ষ করেই হামলাটি চালানো হয়েছিল বলে ব্রিটিশ পার্লামেন্ট সদস্যদের জানিয়েছেন ক্যামেরন।
এর আগে ব্রিটিশ পার্লামেন্টের সদস্যরা সিরিয়ায় যুক্তরাজ্যের সামরিক পদক্ষেপ নেওয়ার বিরোধিতা করেছিলেন। সেই বিষয়টি উল্লেখ করে ক্যামেরন বলেন, “আত্মরক্ষার চেষ্টা আইন অনুমোদিত।”
২১ অগাস্ট একটি গাড়ি দিয়ে যাওয়ার সময় রিয়াদ খানের গাড়িটিতে দূরনিয়ন্ত্রিত ড্রোনের মাধ্যমে হামলা চালানো হয়। এই হামলায় খান নিহত হন।
২৪ অগাস্ট রাক্কায় যুক্তরাষ্ট্রের অপর এক বিমান হামলায় আরেক ব্রিটিশ নাগরিক বার্মিংহামের জুনায়েদ হুসেইন (২১) নিহত হন।
নিজেকে আবু হুসাইন আল ব্রিটানি পরিচয় দেওয়া জুনাইল হুসেইন ‘শীর্ষ সাইবার জিহাদি’ ছিলেন বলে দাবি করা হয়েছে।
খান এবং হুসেইন, উভয়েই যুক্তরাজ্য থেকে আইএসের প্রতি ‘সহানুভূতিশীলদের’ সংগ্রহে সক্রিয় ভূমিকা পালন করতেন এবং চলতি গ্রীষ্মে যুক্তরাজ্যে ‘বড় ধরনের’ হামলার পরিকল্পনা করেছিলেন বলে জানিয়েছেন ক্যামেরন।
