২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

২০ হাজার সিরীয় শরণার্থী নেবে যুক্তরাজ্য

ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন আগামী ৫ বছরে ২০ হাজার সিরীয় শরণার্থী নেয়ার প্রতিশ্রুতি দিয়েছেন।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Sep 2015, 11:41 PM

Updated : 25 Apr 2022, 01:50 PM

মানবিক পরিস্থিতির অবনতির পরিপ্রেক্ষিতে বাড়তি শরণার্থী নেয়ার  সিদ্ধান্ত শুক্রবারই জানিয়েছিলেন ক্যামেরন। এবার সে সংখ্যাটিও জানিয়ে দিলেন তিনি।

পার্লামেন্টে এক বিবৃতিতে ক্যামেরন বলেন, “বর্তমান পার্লামেন্টের বাকী সময়টাতে ব্রিটেনের ২০ হাজার পর্যন্ত সিরীয় শরণার্থীকে আশ্রয় দেয়া উচিত বলে আমরা প্রস্তাব রাখছি। আর তা করার মধ্য দিয়ে আমরা বিশ্বকে এটাই দেখাতে পারব যে, এ দেশ শরণার্থীদের জন্য অত্যন্ত সহমর্মী একটি দেশ।”

ইউরোপে শরণার্থী সঙ্কট বাড়তে থাকায় আরো বেশি শরণার্থী নেয়ার জন্য যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ক্যামেরনের ওপর চাপ বাড়ছে।

তবে তিনি শরণার্থী নেয়ার যে সংখ্যা জানিয়েছেন তার তুলনায় অন্য অনেক ইউরোপীয় দেশই আরো বেশি সংখ্যক শরণার্থী নিচ্ছে। জার্মানিতে এ বছর শরণার্থীর সংখ্যা প্রায়  ৮ লাখে পৌঁছবে বলে ধারণা করা হচ্ছে।

ক্যামেরন বলেছেন, বাড়তি শরণার্থী সিরিয়া সীমান্তবর্তী উদ্বাস্তু শিবির এবং প্রতিবেশী দেশগুলো থেকেই আসবে। যারা ইতোমধ্যেই ইউরোপে রয়েছে তাদের মধ্য থেকে নয়।

যুক্তরাজ্য এর আগে গত চারবছরে প্রায় ৫ হাজার সিরীয়কে আশ্রয় দিয়েছে। তাছাড়া ২০১৪ সাল থেকে সবচেয়ে বেশি সাহায্য দরকার এমন শরণার্থীদেরকে যুক্তরাজ্যে নিয়ে যাওয়ার একটি প্রকল্পের আওতায় দেশটি ২১৬ সিরীয় শরণার্থী নিয়েছে।