২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শরণার্থীরা জার্মানিকে পাল্টে দেবে: মেরকেল

‘স্রোতের বেগে’ জার্মানিতে ঢুকতে থাকা শরণার্থীরা ভবিষ্যতে দেশটির ‘চেহারা পাল্টে দেবে’ বলে মনে করেন চ্যান্সেলর আঙ্গেলা মেরকেল। এই বদল ‘ইতিবাচক’ হবে বলেই আশা করছেন তিনি।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Sep 2015, 08:38 PM

Updated : 25 Apr 2022, 01:50 PM

সোমবার এক সংবাদ সম্মেলনে মেরকেল বলেন, “এ মুহূর্তে আমরা এমন একটি পরিস্থিতির সম্মুখীন হয়েছি যা ভবিষ্যতে আমাদের দেশকে পাল্টে দেবে।”

“এই পাল্টে যাওয়া ইতিবাচক হবে বলে আশা করছি। আমাদের বিশ্বাস আমরা এটা (শরণার্থী সমস্যা) শেষ করতে পারব।”

গত দুই দিনে প্রায় ২০ হাজার শরণার্থী জার্মানিতে প্রবেশ করেছে। সোমবার আরো ১১ হাজার শরণার্থী সেখানে পৌঁছাবে বলে ধারণা করা হচ্ছে।

জার্মান সরকার শরণার্থীদের আশ্রয় দেয়ার প্রক্রিয়া আরো গতিশীল করেছে। তাদের জন্য বাড়ি নির্মাণ করা হচ্ছে। শরণার্থীদের জন্য এরই মধ্যে ছয় বিলিয়ন ইউরো বরাদ্দ দেয়া হয়েছে বলে জানান মেরকেল।

তবে জার্মানি একা এ সমস্যা সমাধান করতে পারবে না বলেও মন্তব্য করেন মেরকেল। এজন্য তিনি ইউরোপীয় ইউনিয়নভূক্ত সব দেশকে এগিয়ে আসার আহ্বান জানান।

মেরকেল বলেন, “জার্মানি সানন্দে শরণার্থীদের আশ্রয় দিতে চায়। কিন্তু ইউরোপীয় ইউনিয়নকে এই ভার তুলতে হবে এবং সেই সময় এসেছে।”

“যদি আমরা ইউরোপীয় ইউনিয়নকে পাশে পাওয়ার নিশ্চয়তা পাই তবেই কেবল আমাদের পক্ষে এ চ্যালেঞ্জ মোকাবেলা করা সম্ভব হবে।”

এরই মধ্যে মেরকেলের আহ্বানে সাড়া দিয়েছে ফ্রান্স। দেশটি ২৪ হাজার শরণার্থী আশ্রয় দিতে প্রস্তুত বলে ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া অলন্দ।

ওলাঁদ বলেন, তিনি এবং মেরকেল চান ‘ইউরোপের প্রতিটি দেশ নিজের ভাগের শরণার্থীদের আশ্রয় দিতে বাধিত থাকবে, এ ধরনের একটি পরিকল্পনাকে ইইউ সমর্থন দিক।

বিনা বাধায় জার্মানিতে প্রবেশ করতে দেয়ায় শরণার্থীদের চোখে নায়ক বনে গেছেন মেরকেল। তবে তার রক্ষণশীল মিত্রদের অনেকেই মনে করছেন, এর মাধ্যমে মেরকেল ‘সম্পূর্ণ ভুল ইঙ্গিত দিচ্ছেন’।

জার্মানির অনেক সাধারণ নাগরিক শরণার্থীদের উষ্ণ অভ্যর্থনা জানালেও অনেকে বিষয়টি ভালো চোখে দেখছেন না।

রোববার জার্মানিতে শরণার্থীদের দুইটি আশ্রয় কেন্দ্রে অগ্নিকাণ্ড হয়। এর মধ্যে একটি ‘রাজনৈতিক উদ্দেশ্যে লাগানো আগুন’ বলে নিশ্চিত করেছে পুলিশ।