জার্মানির শরণার্থী আশ্রয়কেন্দ্রে আগুনে আহত ৫
জার্মানির রটেনবার্গে শরণার্থীদের একটি আশ্রয়কেন্দ্রে লাগা আগুনে পাঁচজন আহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ।
সোমবার দেশটির পশ্চিমাঞ্চলীয় বাদেন-ভুয়েরটেমবার্গ রাজ্যে এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছে পুলিশ।
রটেনবার্গের ওই আশ্রয়কেন্দ্রটিতে ৮০ জনেরও বেশি শরণার্থী আশ্রয় নিয়ে আছেন।
শনিবার সকাল থেকে রোববার রাত পর্যন্ত প্রায় ২০ হাজার শরণার্থী জার্মানিতে আসার পর রটেনবার্গের এ আশ্রয়কেন্দ্রটিতে উঠেছিলেন ওই শরণার্থীরা।
আগুন থেকে বাঁচতে দুই শরণার্থী জানালা দিয়ে লাফিয়ে পড়ে পায়ে ব্যথা পেয়েছেন বলে এক বিবৃতিতে জানিয়েছেন পুলিশের মুখপাত্র যোশেফ হোয়েনেস। অপর তিনজন ধোঁয়ায় শ্বাসরুদ্ধ হয়ে অসুস্থ হয়ে পড়েছেন।
আগুন লাগার কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। এ ব্যাপারে তদন্ত চলছে।
সাম্প্রতিক মাসগুলোতে জার্মানির শরণার্থী আশ্রয়কেন্দ্রগুলোতে কয়েক ডজন অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।
চলতি বছর দেশটি আট লাখ শরণার্থী ও অভিবাসন-প্রত্যাশীকে নেওয়ার পরিকল্পনা করেছে।
