শরণার্থী সমস্যা: সীমান্তে ‘বিশেষ ব্যবস্থা’ তুলে নেবে অস্ট্রিয়া
হাজার হাজার শরণার্থীর চাপ মোকাবিলায় সীমান্ত উন্মুক্ত করে হাঙ্গেরি থেকে পশ্চিম ইউরোপে যাওয়া সহজ করতে নেওয়া ‘বিশেষ ব্যবস্থা’ তুলে নেওয়ার পরিকল্পনা করেছে অস্ট্রিয়া।
বিবিসি জানিয়েছে, রোববার অষ্ট্রীয় চ্যান্সেলর ভার্নার ফেইমান বলেছেন, “ধাপে ধাপে জরুরি ব্যবস্থা তুলে নেওয়া হবে।”
অস্ট্রিয়া ও জার্মানির সীমান্ত খুলে দেওয়ার সিদ্ধান্তে হাঙ্গেরিতে আটকে পড়া ১২ হাজারেরও বেশি শরণার্থী শনিবার সকাল থেকে রোববার রাতের মধ্যে কাঙ্ক্ষিত গন্তব্য জার্মানিতে পৌঁছতে সক্ষম হয়।
বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মের্কেলের সঙ্গে ‘নিবিড় আলোচনা’ ও হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর ওর্বানের সঙ্গে টেলিফোনে কথা বলার মাধ্যমে ‘যাচাই করে’ সিদ্ধান্তটি নিয়েছেন বলে জানিয়েছেন ফেইমান।
তিনি বলেন, “আমরা সবসময়ই বলেছি, এটি একটি জরুরি পরিস্থিতি। এ পরিস্থিতিতে জরুরিভাবে মানবিকতার ভিত্তিতে কাজ করা দরকার ছিল। সঙ্কটজনক একটি পরিস্থিতিতে আমরা ১২ হাজারেরও বেশি লোককে সাহায্য করতে পেরেছি।”
“এখন আমরা ধাপে ধাপে জরুরি ব্যবস্থা থেকে স্বাভাবিক ব্যবস্থায় ফিরে যাব, আইন নিশ্চিত করতে ও আইনের প্রতি দায়বদ্ধতা থেকেই এটি করা হচ্ছে।”
অপরদিকে জার্মানি সতর্ক করে বলেছে, তাদের সহায়তা করার সদিচ্ছার উপর অতিরিক্ত চাপ সৃষ্টি করা উচিত হবে না।
কিন্তু বানের মতো ইউরোপে ঢুকে পড়া অতিরিক্ত শরণার্থীর চাপ সামলাতে ওই নিয়মের তোয়াক্কা না করে জার্মানি ও অস্ট্রিয়া শনিবার শরণার্থীদের জন্য তাদের সীমান্ত খুলে দেয়।
তবে সীমান্ত খুলে দেওয়ার বিষয়টিকে একটি ‘জরুরি পরিস্থিতিতে নেওয়া বিশেষ পদক্ষেপ’ অভিহিত করে জার্মানির স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, “ডাবলিন রুলস এখনও বাতিল হয়নি। প্রথমে ইইউভুক্ত যে দেশে আশ্রয়প্রার্থীরা নামবেন, সেখানেই নিবন্ধন করে আবেদন করার ইইউ-র আইনটি এখনও বলবৎ আছে।”
জাতিসংঘের শরণার্থী বিষয়ক প্রধান আন্তোনিও গুটার্স বলেছেন, ইইউর সদস্য দেশগুলো একটি যৌথ পরিকল্পনার বিষয়ে একমত হলে সমস্যাটি ভালোভাবেই সামাল দেওয়া সম্ভব হত।
