২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সিরীয় শরণার্থীদের আশ্রয় দেবে না ইসরায়েল

ইসরায়েল সিরিয়ার কোনো শরণার্থীকে আশ্রয় দেবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 06 Sep 2015, 09:52 PM

Updated : 26 Jul 2022, 12:05 PM

ইসরায়েলের প্রধান বিরোধী দল জিওনিস্ট ইউনিয়ন পার্টির নেতা ঈসাক হারজোগ নেতানিয়াহুর কাছে ‘যুদ্ধ বিধ্বস্ত সিরিয়া থেকে আগত শরণার্থীদের আশ্রয় দেয়ার’ আবেদন জানান বলে রয়টার্সের প্রতিবেদনে বলা হয়।

উত্তরের প্রতিবেশী সিরিয়ার সঙ্গে ইসরায়েলের সম্পর্ক বরাবরই বৈরী। আন্তর্জাতিক মহল থেকেও সীমান্ত খুলে দেয়ার কোনো চাপ দেশটির ওপর নেই।

যদিও শরণার্থীদের আশ্রয় দেয়া নেতানিয়াহুর মানবিক দায়িত্ব বলে মনে করেন হারজোগ।

তিনি বলেন, “অত্যাচারের হাত থেকে বাঁচতে যখন মানুষ তাদের শিশুদের নিয়ে ফটকের সামনে এসে দাঁড়ায় তখন ইহুদিদের প্রধানমন্ত্রী নিজের হৃদয়ের দরজা বন্ধ করে রাখতে পারেন না।”

এর জবাবে মন্ত্রিসভার এক বৈঠকে নেতানিয়াহু বলেন, “সিরিয়ায় শরণার্থীরা যে মানবিক বিপর্যয়ের মুখে পড়েছে সে বিষয়ে ইসরায়েল উদাসীন নয়। গৃহযুদ্ধ শুরু হওয়ার পর সিরিয়ার অনেক আহত ব্যক্তিকে ইসরায়েলের হাসপাতালগুলোতে চিকিৎসা দেয়া হয়েছে।”

“কিন্তু ইসরায়েল অনেক ছোট দেশ। ভৌগলিক এবং জনতাত্ত্বিক ‍উভয় দিক দিয়েই আমাদের সক্ষমতা কম।”

আরব শরণার্থীদের আশ্রয় দিলে দেশের জনতাত্ত্বিক ভারসাম্য নষ্ট হবে বলে আশঙ্কা এই নেতার।

ওদিকে সিরিয়ার বিভিন্ন শরণার্থী শিবিরে দীর্ঘদিন ধরে বাস করে আসা ফিলিস্তিনিদের ইসরায়েল অধিকৃত পশ্চিমতীরে ঢুকতে দেয়া উচিত বলে মনে করেন ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস।