অস্ট্রিয়া থেকে জার্মানি যাচ্ছে শ’ শ’ শরণার্থী
অস্ট্রিয়া থেকে জার্মানিতে যাচ্ছে শত শত শরণার্থী। হাঙ্গেরি শুক্রবার তাদেরকে যাত্রা করার অনুমতি দেয়ার পর তারা সেখানে যেতে শুরু করে।
শনিবার অস্ট্রিয়া ও জার্মানি শরণার্থীদের জন্য তাদের সীমান্ত খুলে দিয়েছে। এদিনই হাঙ্গেরি থেকে বাসে চেপে শরণার্থীরা সীমান্ত পেরিয়ে অস্ট্রিয়া হয়ে জার্মানিতে পাড়ি জমায়।
রোববার সকালের মধ্যেই মিউনিখে পৌঁছেছে কয়েকটি ট্রেন। জার্মানির অন্যান্য শহরগুলোতেও যাত্রা করেছে বহু শরণার্থী।
ওদিকে, হাঙ্গেরির অস্ট্রিয়া সীমান্ত থেকে ভিয়েনায় শত শত শরণার্থীকে নিয়ে যাচ্ছে আরো ট্রেন।
পোপ ফ্রান্সিস বলেছেন, প্রতিটি ক্যাথলিক সম্প্রদায়েরই উচিত একটি করে অভিবাসন প্রত্যাশী পরিবারকে আশ্রয় দেয়া।
অস্ট্রিয়ায় ৪৫০ জন শরণার্থী নিয়ে দুটি ট্রেন হাঙ্গেরি সীমান্তের কাছে নিকেলসডর্ফ ছেড়ে রাজধানী ভিয়েনার উদ্দেশে যাত্রা করেছে বলে জানিয়েছে পুলিশ।
অস্ট্রিয়া কর্তৃপক্ষ জানিয়েছে, ২৪ থেকে ৪৮ ঘন্টার মধ্যে অস্ট্রিয়া সীমান্ত পার হয়েছে ১০ হাজার মতো শরণার্থী। আরো শরণার্থীর জন্য সীমান্ত খুলে রাখা হয়েছে বলেও জানিয়েছে অস্ট্রিয়া কর্তৃপক্ষ।
শরণার্থীরা প্রথম জার্মানির মিউনিখে পৌঁছার পর তাদেরকে করতালির মধ্য দিয়ে স্বাগত জানানো হয়। মিষ্টি বিতরণ করে শিশুরা। শনিবার সকাল থেকে মিউনিখ স্টেশনে পৌঁছে ৮ হাজার অভিবাসনপ্রত্যাশী।
জার্মানি এবং হাঙ্গেরি দু’দেশই বলেছে, তারা মানবিক সঙ্কট সামাল দিতে এ পদক্ষেপ নিয়েছে।
