২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জাপানের ফুকুশিমায় ফিরছে মানুষ

জাপানে প্রায় চার বছর পর  সুনামিতে বিধ্বস্ত ফুকুশিমা পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প এলাকার বাসিন্দাদের ঘরে ফেরার ঘোষণা দিয়েছে সরকার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

এসএম নাদিম মাহমুদ, জাপান থেকে

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Sep 2015, 05:20 PM

Updated : 12 Oct 2022, 04:12 PM

শনিবার এ ঘোষণার ফলে ফুকুশিমা প্রদেশের নারাহ এলাকার প্রায় সাড়ে সাত হাজার বাসিন্দা তাদের আবাসস্থলে ফেরার সুযোগ পাচ্ছে।

২০১১ সালে সুনামিতে পারমাণবিক বিপযয়ে পড়ার পর ফুকুশিমার ওই পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পটি বন্ধ ছিল। গত মাসের মাঝামাঝিতে তা চালু করার ১৫ দিন পর সরকারপক্ষ থেকে এ ঘোষণা এল।

এর আগে গত বুধবার  এক সংবাদ সম্মেলনে বলা হয়, ফুকুশিমায় আর তেজস্ক্রিয়তা নেই। ২৪ শতাংশ জাপানি পারমাণিক বিপর্যয় সম্বন্ধে অজ্ঞ ছিল বলেও এ সম্মেলনে দাবিকরা হয়।

শনিবার নারাহ শহরে উৎসবমুখর অনুষ্ঠানের আয়োজন করে স্থানীয় সিটি করপোরেশন।  সিটির মেয়র ইয়ুকি মাসুমোতু বলেন, “শনিবার দিনটি এ এলাকার বাসিন্দাদের একটিস্মরণীয় হয়ে থাকবে। আমরা আজ থেকে ফুকুশিমা প্রকল্প-১ অন্তর্ভুক্ত আমাদের সাতটি শহরের বাসিন্দাদের তাদের ঘরে ফিরে যাওয়ার আহ্বান জানাচ্ছি। আমরা খুব শিগগিরইবাড়িঘর মেরামতের ব্যবস্থা করব।”

তিনি বলেন, “সুনামি থেকে আমরা বড় ধরনের শিক্ষা গ্রহণ করেছি। আশা করি তা কাজে লাগিয়ে নতুন উদ্যমে শহর পুনর্গঠনে সবাই আরো বেশি আন্তরিক হবে।”

৯৩ বছর বয়সী নারিকা সাইতো ফুল নিয়ে ঘরে ফিরছেন। বাগানে ফুল তুলতে তুলতে তিনি বলেন, আমার মনে হয় আমি নতুন করে ঘর তুলছি। নতুন করে সংসারসাজাচ্ছি। খুব ভাল লাগছে এ খবরটি পেয়ে। অন্তত নিজের গড়া ঘরে শুয়ে শান্তি পাব।

স্কুল পড়ুয়া মিয়াকি ইকু বলেন, প্রাকৃতিক দূর্যোগে তো কারো হাত নেই। অনেকদিন পর আমার চিরচেনা পড়ার টেবিলে পড়তে পারব। বাগানে সবজি চাষ করতে পারব।

তবে সিটি করপোরেশন বলছে, আপাতত আমরা ২৪ ঘণ্টায় খাবার পানি সংগ্রহ করব। স্কুলগুলোতে ফের পড়াশুনা শুরু হবে।

এর আগে গত বছর মিয়াকুজি জেলার তামুরা সিটি এবং কায়াকুচি গ্রামে ফেরার অনুমতি দিয়েছিল সরকার।

২০১১ সালের মার্চ মাস থেকে ফুকুশিমা প্রকল্পের প্রায় ২০ কিমি. এলাকার বাসিন্দাদের সরিয়ে নেয়া হয়েছিল। পারমাণবিক তেজস্ক্রিয়তা মুক্ত করতে ওই এলাকায় ৭ লাখ গ্যালনদূষিত পানি মজুদ করে রাখা হয়েছে।