থাইল্যান্ডের প্রস্তাবিত খসড়া সংবিধান বাতিল
থাইল্যান্ডের সামরিক সরকারের নিয়োগ দেওয়া একটি কাউন্সিল গত বছরের সামরিক অভ্যুত্থানের পর তৈরি করা বিতর্কিত নতুন সংবিধানের প্রস্তাবিত খসড়া প্রত্যাখান করেছে।
নতুন সংবিধানের আরেকটি খসড়া তৈরির জন্য নতুন আরেকটি কমিটি নিয়োগ করতে হবে বলে রোববার জানিয়েছে বিবিসি। এতে দেশটির নির্বাচন আরো পিছিয়ে যাবে।
নতুন সংবিধানের খসড়া প্রস্তাবটি ব্যাপকভাবে সমালোচিত হয়; বিশেষ করে এর একটি ধারা যাতে বলা হয়েছিল, ‘জাতীয় সঙ্কটের সময়’ ২৩ সদস্যের একটি প্যানেল সরকারের নিয়ন্ত্রণ নিয়ে নিতে পারবে।
গত বছর কয়েক মাস ধরে অস্থিরতা চলার পর নির্বাচিত সরকারকে হটিয়ে থাইল্যান্ডের ক্ষমতা দখল করে সেনাবাহিনী।
রোববার ২৪৭ সদস্যের জাতীয় সংস্কার কাউন্সিল ১৩৫-১০৫ ভোটে খসড়া প্রস্তাবটি প্রত্যাখান করে। কাউন্সিলের সাতজন সদস্য ভোট দেওয়া থেকে বিরত ছিলেন।
বিবিসির ব্যাংকক প্রতিনিধি জানিয়েছেন, থাইল্যান্ডের বিভক্ত রাজনৈতিক দলগুলোর প্রায় সবগুলোই সংবিধানের খসড়া প্রস্তাবটির তীব্র বিরোধীতা করে।
এ অবস্থায় নতুন আরেকটি সংবিধানের খসড়া তৈরির জন্য অপর একটি কমিটি ১৮০ দিন সময় পাবে। তৈরি হওয়ার পর ওই খসড়া প্রস্তাবটি গণভোটে দেওয়া হবে।
