২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সিরিয়ায় আইএসের সঙ্গে বিদ্রোহীদের সংঘর্ষে নিহত ৪৭

সিরিয়ায় ইসলামিক স্টেট (আইএস) জঙ্গিদের সঙ্গে প্রতিদ্বন্দ্বী বিদ্রোহী গোষ্ঠীগুলোর সংঘর্ষে অন্তত ৪৭ জন নিহত হয়েছেন।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 06 Sep 2015, 01:15 PM

Updated : 25 Apr 2022, 01:50 PM

সিরিয়ার গৃহযুদ্ধ পর্যবেক্ষণকারী গোষ্ঠী যুক্তরাজ্যভিত্তিক সংগঠন সিরিয়ান অভজারভেটরি ফর হিউম্যান রাইটস শনিবার এ খবর জানিয়েছে।

শুক্রবার তুর্কি সীমান্ত থেকে ২০ কিলোমিটার দূরে বিদ্রোহী অধিকৃত মারেয়া টাউনের পাশে এ সংঘর্ষের ঘটনা ঘটেছে বলে জানিয়েছে অভজারভেটরি। এই এলাকাটিতেই যুক্তরাষ্ট্র ও তুরস্ক আইএসের বিরুদ্ধে একটি নতুন যুদ্ধক্ষেত্র খোলার পরিকল্পনা করছিল। 

শুক্রবার রাতে আইএস জানিয়েছে, তারা মারেয়ায় নতুন করে হামলা চালিয়ে ‘বহু’ বিদ্রোহীকে হত্যা করেছে।

গত সপ্তাহেই আইএসের জঙ্গিরা মারেয়া ঘিরে ফেলে শহরটির নিকটবর্তী কয়েকটি গ্রাম দখল করে নিয়েছিল। হামলার শিকার হওয়া বিদ্রোহীরা তুরস্ক ও যুক্তরাষ্ট্রের আইএস-বিরোধী পরিকল্পনার অংশীদার হতো বলে ধারণা করা হচ্ছে।

এ ঘটনা তুরস্ক ও যুক্তরাষ্ট্রের সম্ভাব্য মিত্র ওই বিদ্রোহীদের জন্য বড় ধরনের বিপর্যয়। মারেয়ার দখল বিদ্রোহীদের হাতছাড়া হলে তা আইএসের বিরুদ্ধে তুরস্ক ও যুক্তরাষ্ট্রের নতুন যুদ্ধক্ষেত্র খোলার পরিকল্পনাকে কঠিন করে তুলবে বলে ধারণা করা হচ্ছে। 

বিদ্রোহী পক্ষের এক যোদ্ধা জানিয়েছেন, মারেয়ায় জিহাদিদের প্রতিরোধ করতে আলেপ্পো প্রদেশের একটি এলাকা থেকে পশ্চিমা-সমর্থিত বিদ্রোহীরা নতুন বাহিনী পাঠিয়েছে।

সিরিয়া ও ইরাকের বিশাল এলাকা দখল করে রেখে সেখানে ইসলামি খিলাফত চালুর ঘোষণা দিয়েছে আইএস। সাম্প্রতিক মাসগুলোতে তারা সিরিয়ার কয়েকটি নতুন এলাকার দিকে অগ্রসর হয়েছে।

জঙ্গি এই গোষ্ঠীটি প্রতিদ্বন্দ্বী সিরীয় বিদ্রোহী গোষ্ঠীগুলোর পাশাপাশি সিরীয় সেনাবাহিনী ও কুর্দিদের আঞ্চলিক বাহিনীগুলোর বিরুদ্ধেও লড়াই চালিয়ে যাচ্ছে।