পালমিয়ার মন্দির ধ্বংসের ছবি প্রকাশ আইএস’র
সিরিয়ার প্রাচীন নগরী পালমিরায় রোমান আমলে নির্মিত একটি মন্দির ধ্বংসের পর সেই ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করেছে ইসলামিক স্টেট (আইএস)।
আইএস’র এ কাণ্ডকে যুদ্ধাপরাধ বলে ঘোষণা করেছে ইউনেস্কো।
সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত পাঁচটি ছবিতে দেখা যায়, মন্দিরের ভেতরে বিস্ফোরক দ্রব্য নিয়ে যাওয়া হচ্ছে, মন্দিরের দেয়ালে সেগুলো স্থাপন করা হচ্ছে, বড় ধরনের বিস্ফোরণ এবং সবশেষে ধ্বংসস্তুপের ছবি।
সিরিয়ার প্রত্নতত্ত্ব বিভাগের প্রধান রয়টার্সকে বলেন, “জঙ্গিরা রোববার বাল শামিন মন্দিরটি ধ্বংস করে। কিন্তু এখন পর্যন্ত কোনো ছবি প্রকাশ করা হয়নি।”
ইন্টারনেটে যে ছবিগুলো ছড়িয়ে পড়েছে সেগুলো সত্য কিনা সে বিষয়ে নিশ্চিত হতে পারেনি রয়টার্স।
প্রায় দুই হাজার বছর আগে ওই মন্দিরটি নির্মাণ করা হয়।
ইউনেস্কো মন্দিরটিকে সিরিয়ার ঐতিহাসিক সাংস্কৃতির বৈচিত্র্য বলে ঘোষণা করেছিল।
এর আগে পালমিরার প্রত্নতত্ত্বের ধাংসাবশেষ নিয়ে দীর্ঘ কয়েকবছর ধরে কাজ করছিলেন এমন একজন প্রত্নতাত্ত্বিককে হত্যা করে আইএস।
সিরিয়ার প্রত্নতত্ত্ব বিভাগের প্রধান বলেন, গত সপ্তাহে ইসলামিক স্টেট সিরিয়ার প্রত্নতাত্ত্বিক ৮২ বছর বয়সী খালেদ আল-আসাদের শিরচ্ছেদ করে মৃতদেহ জনসম্মুখে ঝুলিয়ে রাখে।
খালেদ আল-আসাদ গত চার দশক ধরে পালমিরার বিশ্ব ঐতিহ্যের ধ্বংসাবশেষ নিয়ে কাজ করছিলেন।
এবছর মে মাসে পালমিরার নিয়ন্ত্রণ নেয় আইএস।
