যুক্তরাজ্যে অবৈধকর্মীদের ৬ মাসের কারাদণ্ডের প্রস্তাব
ইংল্যান্ড ও ওয়েলসে যে সব মানুষ অবৈধভাবে কাজ করছেন তারা শিগগিরই ছয়মাসের কারাদণ্ডের মুখোমুখি হতে পারেন।
দেশটির নতুন অভিবাসী আইনের বিধানগুলোতে এমন একটি প্রস্তাব অন্তর্ভুক্ত করা হয়েছে বলে মঙ্গলবার জানিয়েছে বিবিসি।
আসছে শরতে পার্লামেন্টে প্রস্তাবিত বিলটি আইনে পরিণত হবে। তৈরিখাবার প্রস্তুতকারী রেস্তোরাঁ ও বারসহ যেসব প্রতিষ্ঠান অবৈধ অভিবাসীদের চাকরি দেবে বিলটিতে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা গ্রহণ করার কথা বলা হয়েছে।
এসব প্রতিষ্ঠানের বিরুদ্ধে অনির্ধারিত পরিমাণ জরিমানা ও মজুরি আটকের বিধান প্রস্তাব করা হয়েছে।
যুক্তরাজ্য সরকার অভিবাসীদের বিষয়ে পুরো গ্রীষ্মকালজুড়ে ধারাবাহিকভাবে নতুন নিয়ম-কানুন ঘোষণা করে। এবারের বিলটি তার সর্বশেষ নমুনা।
দেশটির অভিবাসনমন্ত্রী জেমস ব্রোকেনশায়ার বলেছেন, “অভিবাসন পদ্ধতির অপব্যবহার রোধে সরকারি পদক্ষেপ অব্যাহত থাকবে।”
তৈরিখাবার প্রস্তুতকারী রেস্তোরাঁ ও বারগুলোতে অবৈধ অভিবাসী কর্মী পাওয়া গেলে এসব প্রতিষ্ঠানের লাইন্সেস বাতিল করার প্রস্তাবও করা হয়েছে।
আইনের এসব ধারা মিনিক্যাব চালক ও ক্যাব অপারেটরদের বিরুদ্ধেও প্রয়োগ করা যায় কিনা তা বিবেচনা করে দেখছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
অন্যান্য ব্যবসা প্রতিষ্ঠানে অবৈধকর্মী খুঁজে পাওয়া গেলে নিয়োগের আগে কাগজপত্র পরীক্ষা না করে নিয়োগ দেওয়ায় এসব প্রতিষ্ঠানকেও আইনের মুখোমুখি হতে হবে। এ বিষয়ে কোনো ওজর-আপত্তি চলবে না বলে সতর্ক করা হয়েছে।
অবৈধকর্মীদের চাকরিদাতাদের অপরাধ প্রমাণিত হলে তাদের দুই বছর থেকে বাড়িয়ে পাঁচবছর সাজার প্রস্তাব করা হয়েছে। পাশাপাশি জরিমানার বিধানও বহাল থাকবে।
