২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

উত্তেজনা প্রশমণে উত্তর-দক্ষিণ কোরিয়ার সমঝোতা

পরস্পরের প্রতি গোলাবর্ষণের পর যুদ্ধের জন্য প্রস্তুত হয়ে থাকা দুই কোরিয়ার মধ্যে উত্তেজনা হ্রাসে সমঝোতা হয়েছে। 

রয়টার্স

>>

রয়টার্স

Published : 25 Aug 2015, 01:34 PM

Updated : 25 Apr 2022, 01:46 PM

দুই দিনের টানা আলাপ-আলোচনার পর মঙ্গলবার দিনের শুরুতে উত্তর ও দক্ষিণ কোরিয়ার কর্মকর্তারা সমঝোতার বিষয়ে সম্মত হন। 

দুপক্ষের সমঝোতা অনুযায়ী সীমান্তে উত্তর কোরিয়ার পাতা স্থল মাইন বিস্ফোরণে দক্ষিণের দুই সেনা আহত হওয়ার বিষয়ে দুঃখ প্রকাশ করেছে উত্তর কোরিয়া।
অপরদিকে উত্তরের বিরুদ্ধে চালানো প্রপাগান্ডা বন্ধে রাজি হয়েছে দক্ষিণ। উভয়পক্ষ থেকেই এসব কথা জানানো হয়েছে।  

সমঝোতার আলোচনায় নিজেদের ঘোষিত ‘প্রায় যুদ্ধাবস্থা’ অবসান করার বিষয়েও একমত হয়েছে উত্তর কোরিয়া। 

আলোচনার পর দুইপক্ষের দেওয়া এক যৌথ বিবৃতিতে দুপক্ষের মধ্যে সমঝোতা আরও বাড়ানোর লক্ষ্যে বিভিন্ন বিষয় নিয়ে পরবর্তীতে আরো আলোচনা হবে বলে জানানো হয়েছে।  

টেলিভিশনে সম্প্রচারিত এক সংবাদ সম্মেলনে দক্ষিণ কোরিয়ার পক্ষের প্রধান আলোচক জাতীয় নিরাপত্তা উপদেষ্টা কিম কাওয়ান জিন বলেন, “এই বৈঠকে স্থল মাইন উস্কানির জন্য উত্তর কোরিয়া ক্ষমা প্রার্থনা করেছে এবং এ ধরনের ঘটনা আর যেন না ঘটে তার প্রতিশ্রুতি দিয়ে উত্তেজনা হ্রাসের লক্ষ্যে কাজ করার কথা জানিয়েছে।” 

দক্ষিণের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র কিম মিন-সিয়োক জানিয়েছেন, লাউড স্পিকার সম্প্রচার (প্রপাগান্ডা) বন্ধ ও উত্তরের যুদ্ধাবস্থা নির্দেশ উঠিয়ে নেওয়ার পর দুপুর থেকে উভয়পক্ষ যার যার সামরিক বাহিনীকে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে নিতে শুরু করবে।

এরআগে উত্তর কোরিয়া স্থল মাইন পাতার ঘটনাটি অস্বীকার করেছিল। এবারের যৌথ বিবৃতিতেও সরাসরি মাইন বিস্ফোরণের ঘটনার দায় স্বীকার করেনি দেশটি।