চীনের মন্দার প্রভাব বিশ্বের শেয়ারবাজারে
চীনের অর্থনীতিতে মন্দায় বিনিয়োগকারীরা উদ্বিগ্ন হয়ে পড়ায় যুক্তরাষ্ট্র ও ইউরোপজুড়ে শেয়ারবাজারে ব্যাপক দরপতন দেখা দিয়েছে।
ওয়াল স্ট্রিটের ডাও জোনসের সূচকের পতন হয়েছে ১ হাজারেরও বেশি পয়েন্ট। এর আগে ডাও জোনসে এতবেশি সূচকের পতন কখনো হয়নি।
ওদিকে, লন্ডন, প্যারিস ও ফ্র্যাঙ্কফুর্টসহ অন্যান্য পুঁজিবাজারেও সোমবার সূচকের পতন হয়েছে।
লন্ডন শেয়ার বাজারের এফটিএসই ১০০ সূচক ৪ দশমিক ৮ শতাংশ কমেছে। একইসঙ্গে ফ্রান্স ও জার্মানির শেয়ারবাজারেও সূচকের পতন হয়েছে যথাক্রমে ৬ দশমিক ৮ শতাংশ ও ৫ দশমিক ৬ শতাংশ।
এশিয়ার শেয়ারবাজারেও ঘেটেছে দরপতন। সোমবার চীনের সাংহাই শেয়ার বাজারে সূচকের ৮ দশমিক ৫ শতাংশ পতন ঘটেছে, যা ২০০৭ সালের পর থেকে সর্বোচ্চ।
ফলে চীনের শেয়ারবাজারের বিনিয়োগকারীরাও ক্ষতির মুখে পড়েছে। বিনিয়োগকারীরা নতুন শেয়ার কিনতে অনাগ্রহী হয়ে পড়েছে।
দুই সপ্তাহ আগে চীনের কেন্দ্রীয় ব্যাংক দেশের মুদ্রা ইউয়ান এর অবমূল্যায়ন করলে বিনিয়োগকারীদের মধ্যে মন্দার ভীতি তৈরী হয়। এতেই শেয়ারবাজারে পতন ত্বরান্বিত হয়েছে বলে জানিয়েছে বিবিসি।
চীন বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির দেশ হওয়ায় দেশটির যে কোনো অর্থনৈতিক মন্দাতেই বিশ্ববাজারে প্রভাব পড়বে বলে অভিমত বিশ্লেষকদের।চীন সরকার এ মন্দা উত্তোরণে কি পদক্ষেপ নেয় সেদিকেই এখন তাকিয়ে বিনিয়োগকারীরা।
