লিবিয়া উপকূল থেকে ৪,৪০০ অভিবাসী উদ্ধার
লিবিয়া উপকূলে নৌকা থেকে ৪ হাজার ৪শ’ অভিবাসীকে উদ্ধার করেছে ইতালির নৌ-বাহিনী।
২০ টিরও বেশি নৌযান থেকে ‘উদ্ধার পাওয়ার আবেদন’ পেয়ে উপকূলরক্ষীরা শনিবার এ বিপুল সংখ্যক অভিবাসীকে উদ্ধার করে। এ পর্যন্ত বহুজাতিক অভিযানে অভিবাসী উদ্ধারের অন্যতম বড় ঘটনা এটি।
রোববার ইতালির উপকূলরক্ষীরা এক বিবৃতিতে বলেছে, ইউরোপীয় ইউনিয়নের ট্রাইটন উদ্ধার অভিযানের আওতায় নরওয়ে এবং আইরিশ জাহাজসহ বহু জাহাজ নিয়ে সমন্বয়ের ভিত্তিতে উদ্ধার কাজ চালাচ্ছে তারা।
সিরিয়ার মত যুদ্ধবিধ্বস্ত দেশগুলো থেকে পালিয়ে আসা রেকর্ড সংখ্যক অভিবাসীর ঢল সামলাতে হিমশিম খাচ্ছে ইউরোপ।
শনিবার খোলা নৌকায় গাদাগাদি করে সাগর পাড়ি দিচ্ছিল বহু মানুষ। অতিরিক্ত ওজনে কাঠের নৌকা ডুবে যাওয়ার উপক্রম হলে, ইতালির নৌ জাহাজ তাদের সাহায্যে এগিয়ে যায়।
লিবিয়ার এই রুটটি ইউরোপে অবৈধ অনুপ্রবেশের জলপথ। এপথে সমুদ্র পাড়ি দিতে গিয়ে চলতি বছর ২ হাজার ৩শ’ মানুষের মৃত্যু হয়েছে।
