চিড়িয়াখানায় জন্মাল যমজ পান্ডা
যুক্তরাষ্ট্রে ওয়াশিংটনের জাতীয় চিড়িয়াখানায় যমজ পান্ডার জন্ম হয়েছে।
শনিবার বিকাল সাড়ে ৫টার দিকে প্রথম শাবক জন্ম দেয়ার প্রায় সাড়ে চার ঘণ্টা পর আরো একটি বাচ্চা দেয় জায়ান্ট মা পান্ডা। দুটি শাবকই সুস্থ আছে।
কৃত্রিমভাবে গর্ভবতী করা হয় মেই সিয়াং নামের পান্ডাটিকে।
দ্বিতীয় শাবকটি ভূমিষ্ট হওয়ার আগেই চিড়িয়াখানার পরিচালক ডেনিস কেলি এক বিবৃতিতে বলেন, “সিয়াং এর শাবক ভূমিষ্ট হওয়ায় আমরা সবাই ভীষণ আনন্দিত। যদিও শাবকটি দুর্বল। তবে আমরা জানি সিয়াং একজন চমৎকার মা।”
২০১২ সালে এই চিড়িয়াখানায় ছয় দিন বয়সী একটি পান্ডা শাবক মারা যায়।
চিড়িয়াখানা কর্তৃপক্ষ জানান, জন্মের কিছুক্ষণ পরই বাচ্চাকে তুলে নেয় মি জিয়াং। চিড়িয়াখানার কর্মীরাও মা ও বাচ্চাকে একা ছেড়ে দেয়।
প্রায় সাড়ে চার ঘণ্টা পর দ্বিতীয় শাবকটির জন্ম হয়। নিয়ম অনুযায়ী দুইটি শাবকের জন্ম হলে একটিকে ইনকিউবেটরে রাখা হয়।
এর আগে ২০০৫ ও ২০১৩ সালে আরো দু’টি শাবকের জন্ম দিয়েছিল সিয়াং।
স্ত্রী পান্ডারা বছরের মাত্র দুই থেকে তিনদিন গর্ভধারণ করতে পারে, যার ফলে তাদের প্রজননের হারও খুবই কম।
পৃথিবীর বিলুপ্ত প্রায় প্রাণীর অন্যতম এই জায়ান্ট পান্ডা। বিচরণভূমি কমে যাওয়ার ফলে পান্ডার সংখ্যা কমে যাচ্ছে।
চীনের বনাঞ্চলে এখন পর্যন্ত মাত্র ১,৮০০ পান্ডার বসতি রয়েছে। তবে সংরক্ষণের কারণে গত ১০ বছরে চীনের বনাঞ্চলে পান্ডার সংখ্যা কিছুটা বেড়েছে।
